দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করেছে সৌদি আরব। শনিবার ভোরে সৌদি আরবের দিকে এগিয়ে আসার সময় এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয় বলে জানিয়েছে জোটটি।
জোটের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক পোস্টে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি খামিস মুশাইত এবং ড্রোন দুটি সৌদি রাজধানী রিয়াদের দিকে যাচ্ছিল। সৌদি আরবের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জোটটি।
এর আগে রাতভর খামিস মুশাইত ও আবহা এলাকায় সতর্কবার্তা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে রিয়াদের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।
ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকা ও দেশটির উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণকারী হুতিরা গত জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর থেকে দেশটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরে সৌদি জাহাজও এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
হুতিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন শহর, জ্বালানি অবকাঠামো ও নৌপথও লক্ষ্যবস্তু হয়েছে। এর ফলে বৈশ্বিক তেল সরবরাহে নতুন চাপ তৈরি হয়েছে। একই সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তার সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনেকটাই বাধাগ্রস্ত থাকায় উপসাগরীয় দেশগুলোর জন্য লোহিত সাগরের বিকল্প নৌপথও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এর কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির সামরিক বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা সহযোগী পাকিস্তান ও তুরস্কের সামরিক কর্মকর্তারা সৌদি আরবের নিরাপত্তার জন্য বিদ্যমান হুমকি নিয়ে বৈঠক করেন।
গত মাসে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিতে বলা হয়, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। যৌথ প্রতিরোধ সক্ষমতা ও সামরিক সহযোগিতা জোরদার করাই এই চুক্তির লক্ষ্য বলে জানানো হয়।
শনিবার সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান জানান, রিয়াদে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সৌদি আরবের ওপর হামলা মোকাবিলায় যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এসব প্রচেষ্টা চালানো হবে বলেও জানান তিনি।
সূত্র: রয়টার্স
এমএস/