দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রতিনিধিদলকে উপহাস করে তাদের জন্য স্টারলিংকের একটি যোগাযোগযন্ত্র রেখে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণের সময় একটি সাদা বাক্স বের করে তিনি বলেন, এই যন্ত্রের মাধ্যমে মানুষ সত্য জানতে পারে, নিজের পছন্দ প্রকাশ করতে পারে এবং চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা চর্চা করতে পারে।
যন্ত্রটি দেখিয়ে নেতানিয়াহু বলেন, ‘ইরানের শাসকগোষ্ঠী বিশেষভাবে ভয় পায়, যখন মানুষের কাছে এটি থাকে।’
তিনি বলেন, ‘এটি একটি যোগাযোগযন্ত্র, স্টারলিংক। এটি মানুষকে সত্য জানার, পছন্দ করার, চিন্তার স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা চর্চার সুযোগ দেয়।’
নেতানিয়াহুর দাবি, এ কারণেই ইরানের শাসকগোষ্ঠী ইন্টারনেট নিয়ন্ত্রণে লাখ লাখ ও কোটি কোটি ডলার ব্যয় করে।
পরে তিনি বলেন, যন্ত্রটি তিনি ইরানের প্রতিনিধিদলের জন্য রেখে যাবেন। কারণ তারা ‘অনিবার্যভাবে দলত্যাগ’ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরতে এই যন্ত্র ব্যবহার করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।
ভাষণে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা নিয়েও কথা বলেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা দাবির পুনরাবৃত্তি করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা ‘গুঁড়িয়ে দেওয়া হয়েছে’।
নেতানিয়াহু বলেন, ‘আমাদের মহান মার্কিন বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং পারমাণবিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়েছি।’
ইসরায়েল সাতটি ফ্রন্টে যুদ্ধ করছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এসব ফ্রন্টের মধ্যে রয়েছে হামাস, হিজবুল্লাহ, হুতি, ইরান এবং ইরাক, সিরিয়া ও ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠী।
এ ছাড়া ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে ঠেকানোর দাবিও করেন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের ‘হত্যাকাণ্ডপ্রবণ স্বৈরশাসনকে’ পরমাণু বোমা তৈরি থেকে ঠেকানোর অঙ্গীকার করেছিলেন তিনি।
নেতানিয়াহুর ভাষ্য, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা কঠিন ছিল। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি তার নেওয়া সবচেয়ে সহজ সিদ্ধান্তগুলোর একটি, কারণ তা না করলে ‘সবাই মারা যেত’ বলে দাবি করেন তিনি।
তবে ইরান বারবার বলে আসছে, তারা পরমাণু অস্ত্র তৈরি করেনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে এমন কোনো প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ