দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুইডেনের এক ইরানি দূতাবাস কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়ার এক দিন পর পাল্টা পদক্ষেপ হিসেবে এক সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে তেহরান।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত ম্যাথিয়াস অটারস্টেডকে তলব করে। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৈঠকে এক সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়তে হবে বলে জানানো হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্টকহোমে ইরানি দূতাবাসে কর্মরত এক কূটনীতিককে সুইডেন দেশ ছাড়ার নির্দেশ দেওয়ার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের দাবি, দেশটির নিরাপত্তাবিষয়ক কর্মকাণ্ডে হস্তক্ষেপের অভিযোগে সুইডেন যে পদক্ষেপ নিয়েছে, তা ‘ভিত্তিহীন’। ইরান ওই অভিযোগ প্রত্যাখ্যান করে ইরানি কূটনীতিককে বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।
তেহরান সুইডেনের পদক্ষেপকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। একই সঙ্গে ইরানি দূতাবাসের স্বাভাবিক কার্যক্রমে স্টকহোম বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছে দেশটি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও অভিযোগ করেছে, সুইডেন ইরানের বিরুদ্ধে ‘শত্রুতাপূর্ণ নীতি’ অনুসরণ করছে এবং তেহরানবিরোধী ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে।
মন্ত্রণালয় বলেছে, নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইরান। এর মধ্যে পারস্পরিকতার নীতিও প্রয়োগ করা হবে।
এর আগে বুধবার সুইডিশ সরকার জানায়, ইরানের রাষ্ট্রদূতকে তলব করার পর ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে।
স্টকহোমের ভাষ্য, ওই কর্মকর্তাকে ‘কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কর্মকাণ্ডের’ অভিযোগে সুইডেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ড বলেন, সুইডিশ নাগরিক ও দেশের স্বার্থ সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির বিচারমন্ত্রী গুনার স্ট্রোমার বলেন, ‘আমরা জানি, ইরান দীর্ঘদিন ধরে সুইডেনের বিরুদ্ধে এবং সুইডেনে নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড পরিচালনা করছে।’
/অ