দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জেদ্দা, মক্কা ও তাইফে ‘সম্ভাব্য বিপদ’ নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এ সতর্কতা জারি করা হয়। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতাটি জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হয়েছে। তবে কী ধরনের সম্ভাব্য বিপদের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে, তা কর্তৃপক্ষ স্পষ্ট করেনি।
বাসিন্দাদের শান্ত থাকতে এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরে অথবা জানালা থেকে দূরে কোনো অভ্যন্তরীণ কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। বাইরে থাকা ব্যক্তিদের নিকটস্থ ভবনে প্রবেশ করতে অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে।
সতর্কতা পাওয়া গাড়িচালকদের সেতু ও উঁচু ভবন থেকে দূরে গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনসাধারণকে জমায়েত ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি মাধ্যমে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
এদিকে সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে সংঘাতের উত্তেজনা বাড়ার মধ্যেই এই সতর্কতা জারি করা হলো। সাম্প্রতিক দিনগুলোতে হুতি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জবাবে সৌদি বাহিনী ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
/অ