দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের মধ্যে বিশেষ করে স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, চিকিৎসাক্ষেত্রে মালয়েশিয়া উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আগে কম্বোডিয়ার রোগীরা চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতেন। এখন তাঁরা মালয়েশিয়াকে চিকিৎসার গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন। বাংলাদেশের রোগীদের জন্যও মালয়েশিয়া ভালো চিকিৎসা গন্তব্য হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
তিনি জানান, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের মাধ্যমে আগ্রহী বাংলাদেশিরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন।
মালয়েশিয়ার চিকিৎসাব্যবস্থার অগ্রগতির প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশও স্বাস্থ্য খাতের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য মালয়েশিয়ায় কিডনি প্রতিস্থাপন, লিভার প্রতিস্থাপন ও অস্থিমজ্জা প্রতিস্থাপনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।
চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে বলেও উল্লেখ করেন মন্ত্রী। এ জন্য প্রয়োজন হলে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
মালয়েশিয়ার হাইকমিশনার জানান, বাংলাদেশে মালয়েশিয়ার কয়েকজন শিক্ষার্থী এমবিবিএস, এমডিএস এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
হাইকমিশনার আরও জানান, মালয়েশিয়ায় চিকিৎসার বিভিন্ন খরচ ও ওষুধের দাম প্রকাশ্যে উল্লেখ করা থাকে এবং অন্যান্য অনেক দেশের তুলনায় চিকিৎসা ব্যয়ও কম।
সাক্ষাৎ শেষে মালয়েশিয়ার হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফর করবেন বলে জানান।
এমএস/