দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় টিকা ব্যবস্থাপনায় কোনো ভুল হয়ে থাকলে তা তদন্ত করা হবে কি না, সে বিষয়ে সংকট কাটার পর কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (১৩ মে) সরকারি টিকার বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তদন্ত করব না, সেটা বলিনি। এখন আমরা সংকটকাল অতিক্রম করছি। এ সংকট শেষ হলেই আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেব।’
তিনি জানান, এ মুহূর্তে দোষী ব্যক্তি চিহ্নিত করার চেয়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।
সাখাওয়াত হোসেন বলেন, ‘টিকা নিয়ে কী ভুল হয়েছে সেটা খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে। আমরা এখন সেটাই চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, দেশে বর্তমানে হামের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। আক্রান্তদের জন্য আইসোলেশন, আইসিইউ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসকেরা সক্রিয়ভাবে কাজ করছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে হামের প্রাদুর্ভাবে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন জটিলতায় সময়মতো টিকা কেনা হয়নি। ফলে বহু শিশু নির্ধারিত সময়ে টিকা থেকে বঞ্চিত হয় এবং দেশে হামের প্রাদুর্ভাব বাড়ে। এ ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কর্মসূচি পালন করছে।
এরই অংশ হিসেবে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ঢাকা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীবৃন্দ’ ব্যানারে একদল আইনজীবী মানববন্ধন করেন। তারা অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবি জানান।
এমএস/