দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর তার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ তাকে কটাক্ষ করলেও অনেকেই এমন মন্তব্যের প্রতিবাদ করে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।
সম্প্রতি স্বামী ও অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা। এ সময় সাদা সালোয়ার-কামিজ পরা অভিনেত্রীর বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তার চেহারা ও শারীরিক পরিবর্তন নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন নেটিজেনদের একাংশ।
কেউ কেউ প্রশ্ন তোলেন, ‘ক্যাটরিনার এ কী হলো?’ আবার কেউ তাকে ‘বুড়ি হয়ে গিয়েছেন’ বলেও কটাক্ষ করেন। এসব মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। তবে অন্য একটি অংশ ক্যাটরিনার সমর্থনে এগিয়ে এসে এ ধরনের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে।
গত বছরের নভেম্বরে মা হয়েছেন ক্যাটরিনা। মাতৃত্বের পর সন্তান ও পরিবারকে সময় দিতে অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি। এ সময় তাকে খুব বেশি প্রকাশ্যেও দেখা যায়নি। তবে এরই মধ্যে নতুন কয়েকটি সিনেমার চিত্রনাট্য পড়া শুরু করেছেন বলে জানা গেছে।
মাতৃত্বের পর নারীর শরীরে স্বাভাবিকভাবেই বিভিন্ন পরিবর্তন আসে। ক্যাটরিনাকে নিয়ে করা মন্তব্যের সমালোচনা করে তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শিবালিকা ওবেরয়। তিনি বলেন, ‘কী হয়ে গেল মানে? মাতৃত্ব এমনই হয়। সন্তান জন্মের পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটাও এমন দেখতে লাগে।’
শিবালিকার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার প্রশংসা করেছেন। একই সঙ্গে মাতৃত্বের পর নারীর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ না করার আহ্বানও জানিয়েছেন তারা।
দীর্ঘদিন ধরেই অভিনেত্রী হিসেবে দর্শকদের কাছে জনপ্রিয় ক্যাটরিনা কাইফ। তবে সাম্প্রতিক ঘটনায় তার অভিনয় বা কাজের পরিবর্তে শারীরিক পরিবর্তনই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এ বিষয়ে ক্যাটরিনা নিজে এখনো কোনো মন্তব্য করেননি।
এমএম/