দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হঠাৎ বিয়ের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা কওয়াক শি-ইয়াং ও কে-পপ গার্ল গ্রুপ লভলিজের সাবেক সদস্য ইউ জি-এ। সম্পর্ক নিয়ে আগে কখনো প্রকাশ্যে কোনো ঘোষণা না থাকায় তাদের বিয়ের খবরটি নজর কেড়েছে। এবার ভক্তদের উদ্দেশে হাতে লেখা চিঠি প্রকাশ করে নিজেদের নতুন জীবনের কথা জানিয়েছেন দুজনই।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হাতে লেখা চিঠির ছবি প্রকাশ করেন কওয়াক শি-ইয়াং। সেখানে তিনি লেখেন, ‘আমি ব্যক্তিগতভাবে আপনাদের কিছু বলতে চেয়েছিলাম বলেই এই চিঠি লিখছি।’
তিনি জানান, এমন একজন বিশেষ মানুষের দেখা পেয়েছেন, যার সঙ্গে বাকি জীবন কাটাতে চান। তাদের পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে একসঙ্গে জীবন চলার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।
কওয়াক শি-ইয়াং লেখেন, ‘আমরা আশা করি, একে অপরকে কঠিন সময়ে সমর্থন করে এবং আনন্দের মুহূর্তগুলোতে হাসি ভাগাভাগি করে একটি উষ্ণ পরিবার গড়ে তুলব।’
বিয়ের পরও অভিনেতা হিসেবে নিয়মিত কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কওয়াক বলেন, পরিবার শুরু করার পর আরও পরিণত একটি দিক এবং ভালো কাজ ও অভিনয় দিয়ে তাদের সামনে হাজির হতে কঠোর পরিশ্রম করবেন।
একই দিনে হাতে লেখা চিঠি প্রকাশ করেন ইউ জি-এও। সেখানে তিনি লেখেন, ‘আমি এমন একজন মানুষের দেখা পেয়েছি, যার সঙ্গে ভবিষ্যৎ ভাগ করে নিতে চাই। আমরা আনন্দের সঙ্গে একসঙ্গে নতুনভাবে পথচলা শুরু করার প্রতিশ্রুতি দিয়েছি।’
হঠাৎ বিয়ের ঘোষণায় ভক্তরা বিস্মিত হতে পারেন উল্লেখ করে ইউ জি-এ লিখেছেন, ‘আমি জানি, আপনাদের অনেকেই নিশ্চয়ই অবাক হয়েছেন। তবে আপনারা যদি আন্তরিকভাবে আমার নতুন শুরুকে উষ্ণভাবে উদযাপন করেন, তাহলে আমি খুশি হব।’
ভক্তদের আশ্বস্ত করে তিনি আরও জানান, আগের মতোই নিজের কাজের প্রতি নিষ্ঠা ধরে রাখবেন এবং কঠোর পরিশ্রম করে যাবেন।
এর আগে বৃহস্পতিবার কওয়াক শি-ইয়াং ও ইউ জি-এ-র বিয়ের খবর প্রকাশ্যে আসে। তাদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা আগে প্রকাশ্যে না আসায় ঘোষণাটি ছিল অনেকটাই আকস্মিক।
কওয়াকের সংস্থা ৯এটিও এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘গভীর বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে দুজন একসঙ্গে ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
আগামী ২৮ নভেম্বর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে বিয়ের আয়োজন করবেন তারা।
১৯৮৭ সালে জন্ম নেওয়া কওয়াক শি-ইয়াং ২০১৪ সালে ‘নাইট ফ্লাইট’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। এরপর ‘গ্লোরিয়াস ডে’, ‘ওহ মাই ঘোস্ট’, ‘মিরর অব দ্য উইচ’, ‘ফ্লেক্স এক্স কপ’ ও ‘মাই ডিয়ারেস্ট নেমেসিস’-সহ বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি।
অন্যদিকে, ১৯৯৩ সালে জন্ম নেওয়া ইউ জি-এ ২০১৪ সালে লভলিজের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন। ‘আহ-চু’ ও ‘ডেসটিনি’-এর মতো গানের জন্য পরিচিত এই দলটির সঙ্গে কাজের পর অভিনয়েও যুক্ত হন তিনি। ‘দ্য এসকেপ অব দ্য সেভেন’ ও ‘দ্য থার্ড ম্যারেজ’-এর মতো নাটকে অভিনয় করেছেন ইউ জি-এ।
/অ