দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় চার দশক পর ফের নাসকারের দুনিয়ায় ফিরছেন টম ক্রুজ। ১৯৯০ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ডেজ অব থান্ডার’-এ নাসকার চালক কোল ট্রিকলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার সেই চরিত্রেই ছবিটির পরবর্তী কিস্তিতে ফিরবেন এই হলিউড তারকা।
শনিবার ডেটোনা ইন্টারন্যাশনাল স্পিডওয়েতে নাসকারের নিয়মিত মৌসুমের শেষ রেসের কয়েক ঘণ্টা আগে এ ঘোষণা দেন টম ক্রুজ। নতুন ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন অ্যান হ্যাথাওয়ে। ছবিতে তিনি একটি দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে অভিনয় করবেন।
প্যারামাউন্ট পিকচার্সের প্রযোজনায় নির্মিত ছবিটি ২০২৮ সালের ২ জুন মুক্তির কথা রয়েছে। ছবিটির প্রযোজক হিসেবে টম ক্রুজের সঙ্গে থাকছেন জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার। পরিচালনা করবেন জোনাথন লেভিন। চিত্রনাট্য লিখেছেন উইল স্ট্যাপলস।
‘ডেজ অব থান্ডার’-এর পরবর্তী কিস্তি নির্মাণ নিয়ে টম ক্রুজের সঙ্গে প্যারামাউন্টের আলোচনা হয়েছিল বলে ২০২৪ সালের নভেম্বরে জানিয়েছিল ‘দ্য হলিউড রিপোর্টার’। ১৯৯০ সালে মুক্তির পর ছবিটি সমালোচকদের কাছ থেকে খুব একটা প্রশংসা পায়নি। তবে বড় বাজেটের ব্যবসাসফল এই চলচ্চিত্রটি নাসকার অঙ্গনে অতিরঞ্জন ও বাড়াবাড়ির জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল।
সময় গড়ানোর সঙ্গে ছবিটি অবশ্য নাসকার ভক্তদের কাছে আলাদা জনপ্রিয়তা অর্জন করেছে। এখনো এর বিভিন্ন সংলাপ রেসপ্রেমীদের মুখে শোনা যায়।
টম ক্রুজের ‘টপ গান’ খ্যাতির সময়েই দ্রুতগতির গাড়ি ও সেগুলোর চালকদের ঘিরে একটি চলচ্চিত্র নির্মাণের ভাবনা থেকে ‘ডেজ অব থান্ডার’-এর যাত্রা শুরু হয়েছিল। ছবির কোল ট্রিকল চরিত্রটি নাসকারের প্রয়াত চালক টিম রিচমন্ডের ওপর আংশিকভাবে ভিত্তি করে তৈরি করা হয়েছিল।
নাসকার কাপ সিরিজের চারবারের চ্যাম্পিয়ন জেফ গর্ডনও দীর্ঘদিন ধরে ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েল নির্মাণের পক্ষে কথা বলে আসছেন। বর্তমানে হেনড্রিক মোটরস্পোর্টসের ভাইস চেয়ারম্যান গর্ডনের সঙ্গে টম ক্রুজের বন্ধুত্ব রয়েছে। ২০১৫ সালে গর্ডনের অবসর উপলক্ষে আয়োজিত নাসকারের এক অনুষ্ঠানে টম ক্রুজও উপস্থিত ছিলেন। ফলে নতুন ছবিতে গর্ডন ও হেনড্রিক মোটরস্পোর্টসের সম্পৃক্ততার সম্ভাবনাও রয়েছে।
১৯৯০ সালের ছবিটি নাসকারকে আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পরিচিত করে তুলেছিল। এর আগে ‘থান্ডার রোড’, ‘গ্রাঁ প্রি’, ‘স্ট্রোকার এইস’ ও ‘স্মোকি অ্যান্ড দ্য ব্যান্ডিট’-এর মতো রেসিংভিত্তিক চলচ্চিত্র নির্মিত হলেও ‘ডেজ অব থান্ডার’-এর মতো মূলধারার চলচ্চিত্রে নাসকারকে তুলে ধরা হয়নি।
এরপর বড় ও ছোট পর্দায় নাসকারকে নিয়ে একাধিক চলচ্চিত্র ও ধারাবাহিক নির্মিত হলেও সাফল্য সবসময় আসেনি। তবে ‘টালাডেগা নাইটস’-এর মতো কিছু কাজ দর্শকের প্রশংসা পেয়েছে। সেই ধারায় এবার প্রায় ৩৮ বছর পর কোল ট্রিকল চরিত্রে টম ক্রুজের প্রত্যাবর্তন ঘিরে নাসকার ভক্তদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে।
/অ