দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তেলেগু চলচ্চিত্র পরিচালক পবন সাদিনেনির বিরুদ্ধে এক নারীকে বিয়ে ও চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। শারীরিক অসুস্থতার মধ্যেও তাকে যৌন সম্পর্কে বাধ্য করা, শারীরিকভাবে আঘাত করা এবং প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে বিচারক চানচালগুডা কারাগারে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ৭ আগস্ট ভারতের গোলকোন্ডা থানায় মামলাটি করা হয়। পরে পুলিশ পবন সাদিনেনিকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে।
অভিযোগকারী নারী জানিয়েছেন, এক বছরের বেশি সময় ধরে পবন সাদিনেনির সঙ্গে তার সম্পর্ক ছিল। শুরুতে পরিচালক তাকে আর্থিকভাবে সহায়তা করতেন, হাসপাতালে নিয়ে যেতেন এবং তার স্বাস্থ্য, কর্মজীবন ও আর্থিক বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই নারী নিজে একটি চলচ্চিত্র পরিচালনার পরিকল্পনা করছিলেন এবং সেটি প্রযোজনা করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন পবন।
পরে ওই নারী জানতে পারেন, পবন সাদিনেনি বিবাহিত এবং তার সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, পরিচালক তাকে বলেছিলেন, তার বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং কাগজপত্রের কাজ শেষ হলে তাকে বিয়ে করবেন।
অভিযোগে বলা হয়েছে, পরবর্তী সময়ে তাদের সম্পর্ক যৌন সম্পর্কে সীমাবদ্ধ হয়ে পড়ে। এ সময় বিয়ে, বাড়ি, আর্থিক নিরাপত্তা ও চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলো পূরণ করা হয়নি বলে অভিযোগ করেন ওই নারী।
ওই নারীর অভিযোগ, শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও পবন তাকে যৌন সম্পর্কে বাধ্য করতেন। উদ্বেগজনিত তীব্র সমস্যায় ভুগছেন বলে জানানোর পরও ভিডিও কলে তাকে যৌন কর্মকাণ্ডে বাধ্য করা হতো বলে অভিযোগ করেছেন তিনি। এসব ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে তার বাসায় একটি ঘটনা ঘটে। অন্তরঙ্গ অবস্থায় পবন তাকে শারীরিকভাবে মারধর এবং মুখে আঘাত করেন বলে অভিযোগ করেন ওই নারী। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলেও দাবি করেছেন। তার মুখ ও চোখের আশপাশ ফুলে যায় এবং মাথা ও পিঠে ব্যথা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে গোলকোন্ডা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক এবং ১১৫(২) ধারায় ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে মামলা করেছে।
পবন সাদিনেনি তেলেগু চলচ্চিত্রের পরিচিত পরিচালক। ২০১৩ সালে হর্ষবর্ধন রানে অভিনীত ‘প্রেম ইশক কাধাল’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় অভিষেক হয় তার। ২০১৪ সালে নন্দিতা ও নারা রোহিতকে নিয়ে নির্মাণ করেন ‘সাবিত্রী’। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কাজ ২০২৩ সালের ‘দয়া’ সিরিজ, যা ‘তাকদীর’-এর পুনর্নির্মাণ।
বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে দুলকার সালমান, পূজা হেগড়ে ও শ্রুতি হাসান অভিনীত বহুভাষিক চলচ্চিত্র ‘আকাশম লো ওকা তারা’ পরিচালনা করছেন পবন সাদিনেনি।
/অ