দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ইলিয়াস কাঞ্চন গ্রামের সব সম্পত্তি দরিদ্র মানুষের মধ্যে দান করে দিয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যের সত্যতা পাওয়া যায়নি। তার গ্রামের প্রতিবেশী ও নাট্য নির্মাতা আলী সুজন দাবি করেছেন, অসুস্থতার কারণে ইলিয়াস কাঞ্চন গ্রামের বাড়ির কিছু সম্পত্তি বিক্রি করে বিভিন্ন ব্যক্তির নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। তবে তার প্রতিষ্ঠিত জানেজাহান মাদরাসার জায়গাটি মাদরাসার নামে দান করেছেন।
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন চিকিৎসা শেষে গত মাসে দেশে ফিরেছিলেন। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়ায় নিজ গ্রামের বাড়িতেও যান। পরে ছেলেকে সঙ্গে নিয়ে গ্রামের কিছু সম্পত্তি বিক্রি করে রেজিস্ট্রি করে দিয়েছেন বলে খবর পাওয়া যায়।
এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, তিনি গ্রামের সব সম্পত্তি দরিদ্র মানুষের মধ্যে দান করে দিয়েছেন। তবে এ তথ্যকে ভুল বলে দাবি করেছেন আলী সুজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলী সুজন বলেন, ‘আমার জানা মতে, ওনার জানেজাহান মাদরাসার জায়গাটা মাদরাসার নামে দান করেছেন। আর বাদবাকি সম্পত্তি বিক্রি করেছেন। অনেকে সঠিক তথ্য না জেনে নিউজ করছেন যে, ওনার গ্রামের বাড়ির সব সম্পত্তি গরিব মানুষদেরকে দান করেছেন। এ তথ্যটি ভুল।’
তিনি আরও বলেন, একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করা উচিত নয়। শুধু পেজের অনুসারী ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রকাশ না করার আহ্বান জানান তিনি।
এদিকে ইলিয়াস কাঞ্চন বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। সেখানে তার চিকিৎসা চলছে।
এমএম/