দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনা অভিনেত্রী তাং ওয়েই ৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তার প্রতিনিধি জানিয়েছেন, তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে বিবাহিত তাং ওয়েইয়ের এটি দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৬ সালে তাদের প্রথম সন্তান, কন্যা সামারের জন্ম হয়।
বুধবার তাং ওয়েই চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে পরিবারের একটি ছবি প্রকাশ করেন। ছবিতে চার সদস্যকে হাত ধরে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।’
গত মাসে তাং ওয়েই ও কিম তে-ইয়ংকে একসঙ্গে হংকং সফরে দেখা যাওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে সেই গুঞ্জনের সত্যতা মিলেছে।
১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়জীবন শুরু করেন। ২০১০ সালে ‘লেট অটাম’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে ২০১৪ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এমএম/