দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ তিনি ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা। ‘কেজিএফ’ সিরিজের ‘রকি ভাই’ চরিত্র তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে। সামনে মুক্তির অপেক্ষায় থাকা ‘টক্সিক’ এবং ‘রামায়ণ’ ঘিরেও দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প।
কর্ণাটকের একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া যশের বাবা ছিলেন সরকারি বাসচালক। সীমিত আয়ের সংসারে বড় হওয়া যশ ছোটবেলা থেকেই অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার স্বপ্ন দেখতেন। পরিবারের আপত্তি সত্ত্বেও মাত্র ৩০০ টাকা নিয়ে একদিন বাড়ি ছেড়ে বেঙ্গালুরুতে পাড়ি জমান তিনি।
শুরুর দিনগুলো ছিল কঠিন। শহরে পরিচিত কেউ না থাকায় কাজের সন্ধানে ঘুরতে হয়েছে, এমনকি অনেক রাত খোলা আকাশের নিচে ফুটপাতেও কাটাতে হয়েছে। এক সাক্ষাৎকারে যশ জানান, সেই সময় পুলিশের তাড়ায় মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার অভিজ্ঞতাও হয়েছে তাঁর। সেসব দিনেই তিনি নিজেকে প্রতিজ্ঞা করেছিলেন, একদিন বড় অভিনেতা হবেন।
এরপর থিয়েটার, টেলিভিশন নাটক ও ছোট ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন তিনি। কন্নড় চলচ্চিত্রে জনপ্রিয়তা পাওয়ার পর ‘কেজিএফ’ সিরিজে অভিনয়ের মাধ্যমে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন। ছবিটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি কন্নড় চলচ্চিত্র শিল্পকেও আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিত করে।
সাফল্যের পরও যশের পরিবার জীবনযাত্রায় বড় কোনো পরিবর্তন আনেনি। তার বাবা অবসরের আগ পর্যন্ত বাসচালকের চাকরি চালিয়ে যান। যশ বিভিন্ন সময়ে বলেছেন, বাবার আত্মসম্মানবোধ ও কর্মনিষ্ঠাই তাঁকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।
বর্তমানে যশ অভিনীত ‘টক্সিক’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি তিনি প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন ‘রামায়ণ’ প্রকল্পে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই পর্বে নির্মিতব্য এই ছবির সম্ভাব্য বাজেট প্রায় চার হাজার কোটি রুপি, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল নির্মাণ হতে পারে।
গণমাধ্যমে খুব বেশি কথা বলেন না যশ। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার বলেছেন, তার কাজই তার পরিচয় তুলে ধরবে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যশ বর্তমানে প্রায় ৫৩ কোটি টাকার সম্পদের মালিক। প্রতি মাসে তার আয় প্রায় ৫৫ থেকে ৬০ লাখ টাকা এবং প্রতি চলচ্চিত্রে পারিশ্রমিক নেন ২০ থেকে ২৫ কোটি টাকা। বেঙ্গালুরুতে পরিবারের সঙ্গে বসবাস করেন তিনি। স্ত্রী অভিনেত্রী রাধিকা পণ্ডিত, দুই সন্তান আইরা ও আয়ুশ এবং মা-বাবাকে নিয়ে তাঁর সংসার। অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন যশ।
জে আই