দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রয়াত পপসম্রাট 'মাইকেল জ্যাকসন'-এর জীবন নিয়ে নির্মিত বায়োপিক 'মাইকেল' বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৯৭ কোটি ৭০ লাখ ডলার, যা দিয়ে এটি বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী বায়োপিকের স্বীকৃতি পেয়েছে। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস্টোফার নোলান পরিচালিত 'ওপেনহেইমার'-এর দখলে।
মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে সিনেমাটি। দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি এটি ভেঙে চলেছে একের পর এক বাণিজ্যিক রেকর্ড। কিং অব পপের জাদুকরী জীবন, বিতর্ক এবং তার সংগীতের পেছনের গল্প রুপালি পর্দায় দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন সব বয়সী মানুষ। ফলস্বরূপ, এতদিনের শীর্ষস্থান ধরে রাখা 'ওপেনহেইমার'-কে সরিয়ে সিংহাসন দখল করলো 'মাইকেল'।
সিনেমা বোদ্ধাদের মতে, মাইকেলের চরিত্রে জাফর জ্যাকসনের অনবদ্য অভিনয় এবং সিনেমার নিখুঁত নির্মাণশৈলীই এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি। এই রেকর্ড শুধু বক্স অফিসের সাফল্যই নয়, বরং প্রমাণ করলো মৃত্যুর বহু বছর পরও বিশ্বজুড়ে মাইকেল জ্যাকসনের ক্রেজ বিন্দুমাত্র কমেনি।
'মাইকেল' শুধু 'ওপেনহেইমার' নয়, সংগীতশিল্পীদের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রের মধ্যেও সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। এর আগে সেই অবস্থানে ছিল 'বোহেমিয়ান র্যাপসোডি'। আলোচিত ব্রিটিশ ব্যান্ড কুইনের প্রধান কণ্ঠশিল্পী ফ্রেডি মার্কারিকে নিয়ে নির্মিত সিনেমাটির বৈশ্বিক আয় ছিল ৯১ কোটি ১০ লাখ ডলার।
এপ্রিল মাসে মুক্তির পর থেকে 'মাইকেল' উত্তর আমেরিকায় আয় করেছে ৩৭ কোটি ২০ লাখ ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৬০ কোটি ৭২ লাখ ডলার। মুক্তির প্রথম সপ্তাহেই চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে ৯ কোটি ৭০ লাখ ডলার এবং বিশ্বব্যাপী ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করে।
এর মাধ্যমে সংগীতভিত্তিক বায়োপিকের উদ্বোধনী সপ্তাহেরও নতুন রেকর্ড গড়ে সিনেমাটি। আগে এই রেকর্ড ছিল 'স্ট্রেইট আউটা কম্পটন'-এর, যার উদ্বোধনী আয় ছিল ছয় কোটি ডলার। ব্যবসায়িক সাফল্য পেলেও সিনেমাটি সমালোচনা এড়াতে পারেনি।
অনেকের অভিযোগ, মাইকেল জ্যাকসনের জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়, তার বিরুদ্ধে ওঠা শিশু যৌন নির্যাতনের অভিযোগ দেখানো হয়নি। ফলে অনেকের মতে, চলচ্চিত্রটি তার জীবনের একটি 'পরিশোধিত' বা বিতর্কমুক্ত সংস্করণ তুলে ধরেছে।
তবে নির্মাতারা প্রচারণায় গুরুত্ব দিয়েছেন মাইকেলের কিংবদন্তি মঞ্চপরিবেশনা, জনপ্রিয় গান এবং মিউজিক ভিডিওর নিখুঁত পুনর্নির্মাণে। দর্শকের ইতিবাচক সাড়া ও মুখে মুখে প্রচার এবং বারবার সিনেমা হলে ফিরে আসার প্রবণতাও চলচ্চিত্রটির দীর্ঘমেয়াদি সাফল্যে বড় ভূমিকা রেখেছে।
/অ