দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী হুনার হালি ও অভিনেতা মায়াঙ্ক গান্ধীর ৯ বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ৯ জুন তাদের বিবাহবিচ্ছেদের চূড়ান্ত রায় দেন ফ্যামিলি কোর্ট।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে বিবাহবিচ্ছেদের আবেদন করেন হুনার হালি। এরপর কয়েক মাস ধরে শুনানি ও বিভিন্ন আইনি প্রক্রিয়া চলার পর আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।
রায় ঘোষণার সময় একটি শুটিং সেটে কাজ করছিলেন হুনার। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, একটি দৃশ্যের শুটিং শেষ হওয়ার পর মোবাইল ফোনে আইনজীবীদের পাঠানো বার্তা দেখে তিনি জানতে পারেন যে আদালত তাঁর বিবাহবিচ্ছেদের আবেদন অনুমোদন করেছেন। খবরটি পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে সেটেই কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে সান্ত্বনা দেন।
হুনারের আইনজীবী ঋগ্বেদ মোরে জানান, আদালত তাঁদের পিটিশন মঞ্জুর করেছেন এবং এর মধ্য দিয়ে আইনি প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।
তিনি বলেন, দাম্পত্য বিরোধ সংক্রান্ত আর্থিক বিষয়সহ কয়েকটি সমঝোতা নিয়ে জটিলতা ছিল। পরবর্তী সময়ে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সেসব বিষয়ে সমাধানে পৌঁছায়। সংশোধিত শর্তাবলি আদালতে জমা দেওয়ার পরই চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।
হুনার হালি ও মায়াঙ্ক গান্ধী ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে গত বছর থেকেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে সেই গুঞ্জনই বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়ায় রূপ নেয়।
জে আই