দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন-কে এক ঝলক দেখার আশায় প্রতি রোববারের মতো এবারও মুম্বইয়ের ‘জলসা’র সামনে জড়ো হয়েছিলেন হাজারো ভক্ত। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা ও তীব্র গরম সহ্য করতে না পেরে এক মাঝবয়সী অন্ধ ভক্ত হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে নিরাপত্তারক্ষী ও পুলিশ সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা আজও অটুট। বয়স ৮০ পেরোলেও প্রতি রবিবার মুম্বইয়ের জুহুতে অবস্থিত তাঁর বাংলো ‘জলসা’র সামনে ভক্তদের ঢল নামে। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে অনুরাগীরা সেখানে ভিড় করেন শুধু প্রিয় অভিনেতাকে একবার চোখের দেখা দেখার জন্য।
ভোর থেকেই ‘জলসা’র সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অসুস্থ ওই ভক্তও অনেক আগে থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন, যাতে অমিতাভ বচ্চন বাইরে এলে কাছ থেকে তাঁকে দেখতে পারেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মুম্বইয়ের তীব্র গরম ও আর্দ্রতা বেড়ে যায়। দীর্ঘক্ষণ না খেয়ে এবং পানি পান না করায় আচমকাই অসুস্থ হয়ে পড়ে যান তিনি।
ঘটনাটি নজরে আসতেই সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও অমিতাভ বচ্চনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা দ্রুত এগিয়ে আসেন। ভিড় সরিয়ে ওই ভক্তকে উদ্ধার করে বাংলোর ভেতরে নেওয়া হয়। পরে তাঁকে পানি ও ওআরএস (ORS) খাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার মধ্যেও বন্ধ হয়নি বহু বছরের ঐতিহ্যবাহী ‘রবিবাসরীয় দর্শন’। কিছুক্ষণ পর সাদা কুর্তা-পায়জামা ও জহর কোট পরে ভক্তদের সামনে হাজির হন অমিতাভ বচ্চন। হাতজোড় করে ভক্তদের শুভেচ্ছা জানান তিনি। তাঁকে এক নজর দেখতে তখনও ‘বচ্চন, বচ্চন’ ধ্বনিতে মুখর ছিল পুরো এলাকা।
পরে অসুস্থ ভক্ত সুস্থ হয়ে নিজের প্রিয় অভিনেতার দেখা পান। তাঁকে হাসিমুখে দেখতে পেয়ে স্বস্তি ফিরে আসে উপস্থিত অন্য অনুরাগীদের মাঝেও।
কেএম