দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার। টিজারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিজেই টিজারটি শেয়ার করে নতুন ঝড়ের ইঙ্গিত দিয়েছেন শাকিব খান।
টিজারের ক্যাপশনে তিনি লেখেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল। এবার সে আসছে পর্দা কাঁপাতে।’ এক মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে শাকিব খানকে দেখা গেছে একেবারেই ভিন্ন ও বিধ্বংসী লুকে। কনসার্ট মাতানো থেকে শুরু করে দুর্ধর্ষ অ্যাকশন—সব জায়গাতেই তার উপস্থিতি নজর কাড়ে।
টিজার দেখে ধারণা করা যাচ্ছে, সিনেমাটি হবে একটি সংগীতনির্ভর অ্যাকশন থ্রিলার, যেখানে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও উত্থানের গল্প তুলে ধরা হবে। গান, উন্মাদনা ও বিনোদনের ভিন্নধারার অভিজ্ঞতা দিতে যাচ্ছে এই সিনেমা।
ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ফলে শাকিব ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে ঈদের বড় উপহার। পরিচালক আজমান রুশোর নির্মাণে তৈরি এই সিনেমায় শাকিব খানের নতুন লুক ও স্টাইল ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমার প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। নুসরাত মাটির চিত্রনাট্যে সিনেমাটির সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অজয় কুমার কুন্ডু।
সিনেমাটির পোশাক পরিকল্পনায় কাজ করেছেন সাফিয়া সাথী, মেকআপে ছিলেন অমিত আম্বেকার। ক্যামেরার দায়িত্বে আছেন আব্দুল মামুন এবং সম্পাদনায় রয়েছেন আনিস মাসুদ।
টিজারের শেষে দেওয়া বিশেষ বার্তায় বলা হয়েছে, ‘এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন।’ এতে বোঝা যাচ্ছে, সামনে আরও বড় চমক নিয়ে হাজির হচ্ছেন শাকিব খান।
/অ