দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেটফ্লিক্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’-এর মুক্তির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগে সিনেমাটি ২০২৬ সালের নভেম্বরে মুক্তির পরিকল্পনা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি এখন ২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটিকে আরও বড় পরিসরে আন্তর্জাতিকভাবে উপস্থাপন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে আইম্যাক্সসহ বড় স্ক্রিনে প্রদর্শনের সুযোগ বাড়িয়ে দর্শকদের জন্য আরও সমৃদ্ধ অভিজ্ঞতা তৈরি করাই মূল উদ্দেশ্য।
নতুন সূচি অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি ২০২৭ থেকে আইম্যাক্স হলে সিনেমাটির বিশেষ প্রদর্শনী শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় দুই মাস পর, অর্থাৎ ২ এপ্রিল থেকে এটি নেটফ্লিক্সের স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে। সাধারণত নেটফ্লিক্স তাদের সিনেমাগুলো সরাসরি অনলাইনে মুক্তি দিলেও সাম্প্রতিক সময়ে বড় বাজেটের কাজগুলো প্রেক্ষাগৃহে প্রদর্শনের দিকে বিশেষ নজর দিচ্ছে।
জনপ্রিয় ‘বার্বি’ সিনেমার পর এটি নির্মাতা গ্রেটা গারউইগের প্রথম কাজ। ‘দ্য ক্রনিকলস অফ নার্নিয়া’ সিরিজের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মূলত মূল কাহিনির প্রিক্যুয়েল বা আগের অংশ, যেখানে নার্নিয়া রাজ্যের শুরুর দিককার রহস্য ও রোমাঞ্চ তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে অভিনয় করছেন ড্যানিয়েল ক্রেগ ও মেরিল স্ট্রিপের মতো বিশ্বখ্যাত তারকারা।
বিশ্লেষকদের মতে, নেটফ্লিক্সের এই কৌশলগত পরিবর্তন স্ট্রিমিং জগতের নতুন এক ইঙ্গিত। বড় বাজেটের সিনেমার ক্ষেত্রে এখনো প্রেক্ষাগৃহের গুরুত্ব যে অনেক বেশি, এই সিদ্ধান্তের মাধ্যমে সেটিই স্পষ্ট হয়েছে। ভবিষ্যতে স্ট্রিমিং ও বড় পর্দা-উভয় মাধ্যমেই নিজেদের আধিপত্য বজায় রাখতেই প্রতিষ্ঠানটি এমন পরিকল্পনা গ্রহণ করেছে।
/অ