দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওপার বাংলার পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখার্জি গত ২ এপ্রিল নিখোঁজ হয়েছিল। নিখোঁজ হওয়ার ২৫ দিন পর রোববার (২৬ এপ্রিল) সকালে তার খোঁজ পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, উৎসব বর্তমানে কলকাতার বাইরে এক বন্ধুর বাড়িতে অবস্থান করছেন।
রোববার (২৬ এপ্রিল) সকালে হঠাৎ করেই তিনি সেখানে উপস্থিত হন। তবে এই দীর্ঘ সময় তিনি ঠিক কোথায় ছিলেন এবং কেন কারো সঙ্গে যোগাযোগ করেননি, সে বিষয়ে এখনো মুখ খোলেননি তিনি। উৎসবের স্ত্রী মৌপিয়া ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে উৎসব তার এক বন্ধুর আশ্রয়ে রয়েছেন। মৌপিয়া বলেন, ‘উৎসব কলকাতার বাইরে বন্ধুর কাছে আছে। আমি আগামীকাল সেখানে গিয়ে ওর সাথে কথা বলব। ওর ফিরে আসাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। উৎসব না ফেরা পর্যন্ত আমরা কেউই নিরাপদ অনুভব করছিলাম না।’
খবরটি পাওয়ার পরপরই উৎসবের পরিবার বিষয়টি কলকাতার লালবাজারের মিসিং পারসন স্কোয়াড এবং আনন্দপুর থানায় অবহিত করেছেন। এদিকে উৎসবের ফেরার খবরে স্বস্তি প্রকাশ করেছেন টলিউডের বিশিষ্ট পরিচালক অনীক দত্ত। তিনি শুরু থেকেই উৎসবের নিখোঁজ হওয়া নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন।
অনীক দত্ত বলেন, এটি খুবই আনন্দের সংবাদ। তবে এতদিন ও কোথায় ছিল, তা এখনো এক বিরাট রহস্য। ও কোনো বিপদে বা ষড়যন্ত্রের শিকার হয়েছিল কি না, সে বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
উল্লেখ্য, গত ২ এপ্রিল দুপুরে নিমতার একটি ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন উৎসব মুখার্জি। সেদিন দুপুর ২টা ২২ মিনিটের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর কোনো খোঁজ না পেয়ে আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন তার স্ত্রী।
জে আই