দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড থেকে হলিউড-দুই অঙ্গনেই ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তবে গত কয়েক মাস ধরে তাদের সম্পর্ক নিয়ে শোনা যাচ্ছিল নানান ধরনের গুঞ্জন। কেউ কেউ বলছিলেন, এই তারকা দম্পতির সম্পর্কে নাকি তৈরি হয়েছে দূরত্ব, এমনকি বিচ্ছেদের ইঙ্গিতও মিলছে। অবশেষে সেই সব জল্পনার জবাব দিলেন ‘দেশি গার্ল’ নিজেই।
সম্প্রতি অস্কারের মঞ্চেও একসঙ্গে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা ও নিককে। তবু সেই সময়ও তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন ছড়ায়। তবে সব জল্পনায় একপ্রকার জল ঢেলে দিয়েছেন প্রিয়াঙ্কা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের সম্পর্কে কোনো সমস্যা নেই, বরং তারা আগের মতোই ভালো আছেন।
বর্তমানে এস এস রাজামৌলী পরিচালিত ‘বারাণসী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। দক্ষিণ ভারতে শুটিংয়ের ফাঁকেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নিক ও আমি দুজনেই খুব ভালো আছি। আমরা সুন্দরভাবে নিজেদের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের গুঞ্জনে আমরা কান দিই না। কিন্তু হঠাৎ শুনছি, আমাদের নাকি বিচ্ছেদ হচ্ছে!”
এ প্রসঙ্গে কিছুটা বিস্ময়ও প্রকাশ করেন অভিনেত্রী। তার প্রশ্ন, মানুষ কি চায় আমাদের বিয়েটা ভেঙে যাক? কেন এমন ভুয়া গুঞ্জন বারবার ছড়ানো হয়?
প্রিয়াঙ্কা আরও বলেন, তাদের সম্পর্কের ক্ষেত্রে সাংস্কৃতিক পার্থক্য বা বয়সের ব্যবধান নিয়ে অনেকেই নানান মন্তব্য করেন। “আমরা দুই ভিন্ন দেশের মানুষ, আমাদের ধর্ম আলাদা, বয়সেও পার্থক্য আছে। হয়তো সেই কারণেই অনেকে এমন কথা বলে। কিন্তু গত ৮ বছর ধরে আমরা খুব ভালো আছি”- যোগ করেন তিনি।
এছাড়া সম্পর্কের শুরুর কথাও মনে করিয়ে দেন অভিনেত্রী। জানান, মাত্র ছয় মাস একে অপরকে চেনার পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তার সঙ্গে দেখা হওয়ার পরেই বুঝেছিলাম, ও-ই আমার জন্য সঠিক মানুষ বলেছেন প্রিয়াঙ্কা।
সব মিলিয়ে ভুয়া গুঞ্জনকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ এই তারকা দম্পতি। বরং নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সুখেই সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা ও নিক।
জে আই