দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই ভক্তদের এক প্রশ্নের মুখোমুখি কবে বিয়ে করছেন তিনি? তবে এতদিন এ প্রসঙ্গে মুখ খোলেননি এই অভিনেত্রী। অবশেষে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শ্রীমা।
অভিনেত্রীর ভাষ্য, তিনি এখন ‘হ্যাপিলি সিংগেল’। বিয়ে নিয়ে এক ধরনের ভয় কাজ করে বলেই এখনও সম্পর্কে জড়ানো বা বিয়ের সিদ্ধান্ত নেননি। চারপাশে সম্পর্ক ও দাম্পত্য নিয়ে নেতিবাচক খবর শোনার কথা উল্লেখ করে শ্রীমা বলেন, আপাতত বিয়ে নিয়ে ভাবতে চান না তিনি। নিজের মতো করে ঘুরে বেড়ানো, কাজ করা এবং ব্যক্তিগত স্বাধীনতা উপভোগ করাতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
সম্প্রতি গঙ্গার ঘাটে সময় কাটানোর কথাও জানান অভিনেত্রী। ব্যস্ত কাজের ফাঁকেও নিজের জন্য সময় বের করে নেওয়াকে গুরুত্ব দেন তিনি।
২০১৬ সালে কালার্স বাংলার ধারাবাহিক নাগ লীলা দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু করেন শ্রীমা। পরবর্তীতে জি বাংলার জামাই রাজা ধারাবাহিকে ‘নীলাশা’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। এছাড়া ‘বিষ্ণুপ্রিয়া’ চরিত্রে মহাপ্রভু শ্রী চৈতন্য, ‘রোহিণী’ চরিত্রে বেদের মেয়ে জ্যোৎস্না এবং স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে ‘দ্যুতি’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন শ্রীমা। ২০১৯ সালে টেকো সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।
ধারাবাহিক, সিনেমা ও ওয়েব সিরিজ মিলিয়ে বর্তমানে পেশাগত জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রীমা ভট্টাচার্য। একই সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতাকেও সমান গুরুত্ব দিচ্ছেন তিনি। আপাতত বিয়ের চিন্তা নয়, নিজের মতো করে জীবন উপভোগ করাই তার অগ্রাধিকার এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
জে আই