দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রেপ্তারের পর টানা ১৩ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েই পালটা আইনি পদক্ষেপ নিয়েছেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। কারামুক্তির পরই তিনি অভিনেত্রী মিমি-র বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। এ বিষয়ে ইতোমধ্যে মিমির কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
গত ২৫ জানুয়ারি ভারতের বনগাঁ-এ একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে বিতর্কে জড়ান মিমি। অভিযোগ, নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে দেরি হওয়ায় তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তনয় শাস্ত্রীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনে থানায় মামলা করেন অভিনেত্রী।
মিমির অভিযোগের ভিত্তিতে ২৯ জানুয়ারি তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৩০ জানুয়ারি আদালতে তোলা হলে প্রথমে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। পরবর্তীতে শ্লীলতাহানির অভিযোগে আরও রিমান্ডের আবেদন করা হলেও তার জামিন আবেদন খারিজ হয়। টানা ১৩ দিন কারাবাসের পর অবশেষে তিনি জামিন পান।
জামিনে মুক্তি পাওয়ার পর তনয় শাস্ত্রী দাবি করেছেন, তাকে ‘মিথ্যা মামলায়’ ফাঁসানো হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানের জন্য নেওয়া ২ লাখ ৬৫ হাজার টাকা অগ্রিম ফেরত চেয়েছেন তিনি। শুধু তাই নয়, মানহানির অভিযোগে মিমির কাছে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন বলেও জানা গেছে।
ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে মিমি লিখেছিলেন, নারী শিল্পীদের মর্যাদা ও মঞ্চের অধিকার নিয়ে তিনি আপোশ করবেন না। বিষয়টি বর্তমানে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন অভিনেত্রী।
এ ঘটনায় উভয় পক্ষের পালটাপালটি অভিযোগে পরিস্থিতি এখন আইনি লড়াইয়ের দিকে গড়িয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ এখনও জানা যায়নি।
জে আই