দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি মাসের শুরু থেকেই দক্ষিণী সিনেমার দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা-র বিয়ে নিয়ে জোর জল্পনা চলছে। যদিও রাশমিকার ঘনিষ্ঠ সূত্র আগেই জানিয়েছিল, বিয়ের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তবু গুঞ্জন থামেনি। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে একটি কথিত বিয়ের আমন্ত্রণপত্র।
প্রথমে শোনা যায়, রাজস্থানের উদয়পুর-এ ৪০০ বছরের পুরোনো এক প্রাসাদে নাকি গোপনে বিয়ে সারবেন এই তারকাজুটি। দাবি করা হয়, ঘনিষ্ঠ পরিবার ও পরিজনদের উপস্থিতিতেই হবে অনুষ্ঠান। আর ভাইরাল হওয়া আমন্ত্রণপত্রে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি নাকি বিয়ের দিন। কার্ডটি বিজয়ের বয়ানে লেখা—এমন দাবিও উঠেছে। সেখানে উল্লেখ রয়েছে, বিয়ের আসর হবে সীমিত পরিসরে।
আমন্ত্রণপত্র অনুযায়ী, বিয়ের পর বিশেষ উদ্যাপনেরও পরিকল্পনা রয়েছে। আগামী ৪ মার্চ হায়দরাবাদ-এর কৃষ্ণ বানজারা হিল্স-এ প্রীতিভোজের আয়োজন করা হবে বলে দাবি করা হয়েছে। কাছের বন্ধু ও পরিচিতদের সেখানে আমন্ত্রণ জানানো হবে বলেও উল্লেখ রয়েছে। তবে এই আমন্ত্রণপত্রের সত্যতা এখনও নিশ্চিত নয়। বিয়ের স্থান নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে।
এর মধ্যেই রোববার রাতে হায়দরাবাদ বিমানবন্দরে আলাদা আলাদাভাবে দেখা গেছে রাশমিকা ও বিজয়কে। অনুরাগীদের একাংশের ধারণা, বিয়ের প্রস্তুতি সারতেই হয়তো তারা উদয়পুরের পথে রওনা হয়েছেন।
উল্লেখ, ২০১৭ সালে গীত গোবিন্দম সিনেমার সেটে প্রথম পরিচয় হয় এই জুটির। পরে ডিয়ার কমরেড-এ একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে। গত ৩ অক্টোবর তাদের বাগ্দান সেরেছেন বলেও শোনা যায়। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি এই দুই তারকা।
সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই—২৬ ফেব্রুয়ারি সত্যিই কি বিয়ের ঘণ্টা বাজবে, নাকি সবটাই নিছক গুঞ্জন?
জে আই