দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ সেনাবাহিনীকে কেন্দ্র করে নির্মিত প্রথম ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘দূর্বার-সমরে শান্তিতে’ আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আইতে প্রচার শুরু হচ্ছে। নির্মাতা খাইরুল ইসলাম তুফানের পরিচালনায় এই সিরিজে সেনাবাহিনীর দেশি ও আন্তর্জাতিক কার্যক্রম, আত্মত্যাগ ও গৌরবের অজানা গল্প তুলে ধরা হয়েছে।
প্রেস রিলিজে জানানো হয়, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা থেকে শুরু করে দেশের সীমান্ত নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের ভূমিকা এই প্রামাণ্যচিত্রে স্থান পেয়েছে। এতে মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর জন্ম ও বীরত্বগাঁথা, পাহাড় ও সমতলে শান্তি প্রতিষ্ঠায় তাদের ভূমিকা, শান্তিরক্ষা মিশনে আত্মত্যাগ এবং বাহিনীর আধুনিকায়নের চিত্র তুলে ধরা হয়েছে।
নির্মাতা খাইরুল ইসলাম তুফান বলেন, ‘সেনাবাহিনীর ইউনিফর্মের আড়ালে যে মানবিক ও দেশপ্রেমিক হৃদয় স্পন্দিত হয়, আমরা সেই হৃদস্পন্দনটাই মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। এটি কেবল তথ্যভিত্তিক নয়, বরং সাধারণ জনগণ ও সেনাবাহিনীর মধ্যে আস্থার সম্পর্ক আরও গভীর করার একটি প্রয়াস।’ তিনি আরও বলেন, এই সিরিজের মাধ্যমে তরুণ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং সমরে কিংবা শান্তিতে তাদের সেনাবাহিনীর শক্তি ও সক্ষমতা সম্পর্কে জানবে।
প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র নির্মাতা প্রতিষ্ঠান পজিটিভ থিংক। খাইরুল ইসলাম তুফান এর আগে বাংলাদেশ পুলিশকে নিয়ে ‘সবুজ সংকেত’ নামে দীর্ঘ ধারাবাহিক প্রামাণ্যচিত্র নির্মাণ করেন, যা দর্শকদের প্রশংসা পেয়েছে। এছাড়া ‘লিগ্যাল এইড: বিচারের প্রথম দরজা’সহ সুন্দরবন ও বাঘ সংরক্ষণ বিষয়ে তার নির্মিত আন্তর্জাতিক তথ্যচিত্রগুলোও ব্যাপক সাড়া ফেলেছে।