দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড তারকা আলিয়া ভাট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘২০১৬ ট্রেন্ড’-এ অংশ নিয়ে ভক্তদের ফিরিয়ে নিয়ে গেলেন এক দশক আগের স্মৃতিতে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আলিয়া শেয়ার করেছেন ২০১৬ সালের কিছু অদেখা ও বিশেষ মুহূর্ত, যা ইতোমধ্যেই নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
‘২০১৬ কি কাহানি’ শিরোনামে শুরু হওয়া এই পোস্টের প্রথম ছবিতে দেখা যায়, একটি ফটোশুটের প্রস্তুতিতে বসে আছেন আলিয়া। পরবর্তী ছবিগুলোতে উঠে এসেছে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় প্রিয় সহ-অভিনেতা শাহরুখ খানের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ ছবির শুটিংয়ের নানা মুহূর্ত। এসব ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, “আমার প্রিয় সহ-অভিনেতার সঙ্গে কিছু শুটিং মুহূর্ত।”
এছাড়াও পোস্টে রয়েছে ‘ড্রিম টিম ট্যুর’-এর রিহার্সালের ছবি, যেখানে বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা ও আদিত্য রায় কাপুরকে দেখা যায় ক্লান্ত অথচ প্রাণবন্ত ভঙ্গিতে। পারিনীতি চোপড়ার সঙ্গে আড্ডার ছবি, ‘বাদ্রি’র সঙ্গে ‘তাম্মা তাম্মা’ গানে নাচ, প্রার্থনার মুহূর্ত এবং বছরের শেষ দিকে বার্লিনে একটি হেড-ব্যাংগিং কনসার্ট—সব মিলিয়ে ২০১৬ সালের রঙিন দিনগুলোকে নতুন করে তুলে ধরেছেন অভিনেত্রী।
পোস্টে ইঙ্গিত মিলেছে, সেই সময়ের আলিয়ার জীবন ছিল অনেকটাই আলাদা। তবে এরপরের বছরগুলোতে তার জীবনে এসেছে বড় পরিবর্তন। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন, কন্যা রাহা কাপুরের জন্ম এবং সম্প্রতি নতুন বাড়িতে স্থানান্তর সব মিলিয়ে ব্যক্তিগত জীবনে এক নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।
কাজের দিক থেকে, আলিয়া ভাট এখন অপেক্ষায় রয়েছেন তার আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মুক্তির। সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত এই ছবিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করবেন তিনি। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
জে আই