দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা রামচরণ। এস এস রাজামৌলির পরিচালনায় নির্মিত বিশ্বজয়ী ছবি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গান তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। ২০১৩ সালে ‘জঞ্জির’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করা এই তারকা বর্তমানে দক্ষিণের অন্যতম ব্যস্ত অভিনেতাদের একজন।
ব্যস্ত শুটিং শিডিউল ও কাজের চাপ থাকা সত্ত্বেও রাম চরণ বিশ্বাস করেন, সফল জীবনের জন্য নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা অত্যন্ত জরুরি। সেই কারণেই তিনি প্রতিদিন সন্ধ্যা ৬টার পর নিজের ফোন বন্ধ করে দেন। তার মতে, কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেরও সমান গুরুত্ব রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরো মনোযোগ দিয়ে কাজ করেন। তবে এই সময়ের পরে তিনি নিজেকে সম্পূর্ণভাবে কাজ থেকে বিচ্ছিন্ন রাখেন। তার কথায়, ‘আমি কাজ বাড়িতে নিয়ে যাই না। সন্ধ্যা ৬টার পর নিজেকে পুরোপুরি ‘অফ’ করে দিই।’ এর মাধ্যমে তিনি পরিবার ও নিজের জন্য সময় বের করে নেন।
শুধু ফোন বন্ধ করাই নয়, রাম চরণ সন্ধ্যা ৬টার মধ্যেই রাতের খাবার সেরে ফেলেন। খাবারের দিক থেকেও তিনি অত্যন্ত সাধারণ। অভিনেতার স্ত্রী উপাসনা জানান, দেশে হোক বা বিদেশে—রাম চরণের রাতের খাবারে খিচুড়িই সবচেয়ে পছন্দ। প্রতিদিন তার সকাল শুরু হয় এক গ্লাস দুধ দিয়ে।
রাম চরণের মতে, দীর্ঘ কর্মঘণ্টা মানেই সাফল্য নয়; বরং কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সঠিক ভারসাম্যই মানসিক শান্তি ও স্থায়ী সাফল্যের চাবিকাঠি। তিনি বলেন, ‘কোনো শর্টকাট নেই। পরিশ্রমই একমাত্র জিনিস, যা সত্যিই গুরুত্বপূর্ণ।’
বর্তমানে রাম চরণ তার আগামী ছবি ‘পেড্ডি’-র নির্মাণে ব্যস্ত। এই ছবিতে তার বিপরীতে থাকবেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর। আগামী মার্চ মাস থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।
এবি/