দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ শিরোনামে আয়োজিত এই উৎসবে ৩২ দেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমিতে চলবে নানা ধরনের চলচ্চিত্র প্রদর্শনী, মাস্টার ক্লাস ও কর্মশালা। এবারের উৎসব বিশেষভাবে উৎসর্গ করা হয়েছে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষের প্রতি।
আয়োজকরা জানান, প্রতিবছর ফেব্রুয়ারি মাসে উৎসবটি অনুষ্ঠিত হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও মাহে রমজানের কারণে এ বছর জানুয়ারি মাসেই আয়োজন করা হয়েছে।
উৎসব পরিচালক সুপিন বর্মন জানান, এবারের উৎসবে ৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে, আন্তর্জাতিক শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম, ওপেন ডোর শর্ট ক্যাটাগরি এবং ন্যাশনাল ফিল্ম কম্পিটিশন। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পাশাপাশি দেওয়া হবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড।
প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য গঠন করা হয়েছে একটি অভিজ্ঞ জুরি বোর্ড। জুরি বোর্ডে রয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, মোহাম্মদ রকিবুল হাসান, অন্তু আজাদ, সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, গীতিকার ও সাংবাদিক মাহমুদ মানজুর। আন্তর্জাতিক জুরিদের মধ্যে আছেন রাশিয়ার চলচ্চিত্র বিশেষজ্ঞ আনাস্কিন সার্জে, ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু গাঙ্গুলি, ইরানের নির্মাতা মারিয়ম ঘাসেমি এবং নেপাল কালচারাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান সন্তোষ সুবেদী।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবে থাকছে মাস্টার ক্লাস, ওপেন ডিসকাশন ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। মাস্টার ক্লাস পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা রাজিবুল হোসাইন। তিন দিনব্যাপী প্রামাণ্যচিত্র নির্মাণ কর্মশালা পরিচালনা করবেন নির্মাতা মোহাম্মদ রকিবুল হাসান। ওপেন ডিসকাশনে আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ ফিল্ম ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল্লাহ মোহাম্মদ, নির্মাতা অন্তু আজাদ ও জীবন শাহাদত।
মধুবন সিনেপ্লেক্সে ৮ ও ৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে এবং ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে চলচ্চিত্র প্রদর্শিত হবে। একই সময়ে জেলা শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী চলবে। সকল প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
এবারের উৎসবে ৬টি দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী উপস্থিত থাকবেন। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে এবারের উৎসব তাঁকে উৎসর্গ করা হয়েছে।
এছাড়াও উৎসবে থাকছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লবের ফটোগ্রাফি নিয়ে বিশেষ আয়োজন ‘ফটো রিলস’।
পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার ও উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর উৎসবে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য বগুড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে উৎসবের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন আয়োজকরা।
জে আই