দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে।
বিএনপি নেত্রীর বিদায়কে অনেকেই একটি যুগের সমাপ্তি হিসেবে দেখছেন। রাজনীতি, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের অনেক পরিচিত মুখ সামাজিক যোগাযোগমাধ্যমে এই আপসহীন নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
কণ্ঠশিল্পী কনক চাঁপা লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।’
সামাজিক মাধ্যমে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে জেমস লিখেছেন, ‘বাংলাদেশের নির্বাচিত প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন—আমিন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
নির্মাতা আশফাক নিপুন লেখেন, ‘আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য এবং হার না মানার এক অনন্য প্রতীক; এমনকি প্রতিপক্ষের অমানবিক আচরণের মুখেও আপনি দমে যাননি। এই জাতি আপনাকে সবসময় গর্বের সাথে মনে রাখবে।’
জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন লিখেন, ‘নব্বই দশকে বেড়ে ওঠা আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে ভালো-মন্দ নানা কারণে। তবে আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলের সফল প্রধানমন্ত্রী হিসাবে আপনার কথা মনে রাখতে চাই। বাংলাদেশের প্রথম নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়া, আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহিয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয় লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা!’
চিত্রনায়িকা শবনম বুবলী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।’
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরি খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।’
অভিনেত্রী আজমেরী হক বাঁধন গভীর শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তিনি; তার নেতৃত্ব ও জনসেবা বাংলাদেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাত দান করুন।’
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে তিনি জেল-জুলুম সহ্য করেছেন কিন্তু কখনো দেশ ছেড়ে যাননি, এ জন্যই তিনি ‘আপসহীন নেত্রী’। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান কখনও ভোলা সম্ভব নয়।’
নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীকের বিদায়। বিদায় আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। নির্মাতা রেদওয়ান রনি তার শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তার আদর্শ ও নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রভাবিত করেছে।’
তমা মির্জা ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপসহীন, শক্তিশালী এবং মানবতার নারী হিসেবে ইতিহাসে এবং কোটি কোটি মানুষের মনে চিরকাল বেঁচে থাকবেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।’
চিত্রনায়িকা পরী মণি লিখেছেন, ‘তিনি চলে গেলেন..! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে।’
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এবং আশনা হাবিব ভাবনাও খালেদা জিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরবময় স্মৃতি স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। এছাড়া অভিনেতা আরশ খানসহ আরও অনেকেই শোক জানিয়েছেন।
এবি/