দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নির্যাতন ও এসিড নিক্ষেপের অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগের সত্যতা মেলেনি বলে জানিয়েছে পুলিশ। সিআইডির তদন্ত প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা নিজেই।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডিপজল সন্তোষ প্রকাশ করে লেখেন, “আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, এভাবেই এখন পর্যন্ত হওয়া সব মিথ্যা ও হয়রানিমূলক মামলার অবসান হবে।
তিনি আরও বলেন, দেশের বিচারব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং আদালতের মাধ্যমেই সব মামলার সত্য-মিথ্যার সঠিক নিষ্পত্তি হবে।
একই পোস্টে ষড়যন্ত্রকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ডিপজল লেখেন, সত্যের জয় অনিবার্য। মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না। যারা পরিকল্পিতভাবে এসব ষড়যন্ত্রে জড়িত, তারা সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা সময় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না।
এদিকে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সিআইডির তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মামলার বাদী ওই তরুণী ডিপজলের একজন অন্ধ ভক্ত। গত বছরের ২ জুন গাবতলী পশুর হাটে ডিপজল উপস্থিত আছেন ভেবে তিনি সেখানে প্রবেশের চেষ্টা করেন। তবে হাট সংশ্লিষ্ট লোকজন তাকে ভেতরে ঢুকতে বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে চিৎকার শুরু করেন।
এক পর্যায়ে উৎসুক জনতা তাকে মানসিকভাবে অসুস্থ মনে করে আটকে রাখার চেষ্টা করলে ওই তরুণী নিজের কাছে থাকা তরল পদার্থ নিজের গায়ে ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, ওই সময় ঘটনাস্থলে ডিপজল কিংবা তার কোনো লোকজন উপস্থিত ছিলেন না।
গত ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সুলতান মাহমুদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্কিত অভিযোগ থেকে স্বস্তি পেলেন এই আলোচিত অভিনেতা।