দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র হঠাৎ অসুস্থ হয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮৯ বছর বয়সী এই তারকার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বিগ্ন তার ভক্ত, পরিবার ও সহকর্মীরা।
ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ধর্মেন্দ্রর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রুটিন চেকআপের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পেতে কিছুটা সময় লাগবে বলে পরিবার সিদ্ধান্ত নেয়, সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে রাখা হবে।
সূত্রটি আরও জানায়, তিনি বয়সে প্রবীণ এবং চিকিৎসকদের যথাযথ যত্নের প্রয়োজন। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও আগের মতো ভালো নেই। এর আগেও গত বছর একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
চলতি বছরের শুরুতে তার চোখের ছানির অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর পাপারাজ্জিদের উদ্দেশে ধর্মেন্দ্র হাসিমুখে বলেছিলেন, আমি এখনো অনেক স্ট্রং এবং প্রাণবন্ত। আমার চোখে অস্ত্রোপচার হয়েছে, কিন্তু আমি শক্ত আছি। তোমাদের ভালোবাসি।
বয়সের ভারে নুয়ে না পড়ে এখনো সিনেমায় নিয়মিত কাজ করে যাচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা। গত দুই বছরে মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা। এরই মধ্যে ‘ইক্কিস’ নামের একটি নতুন হিন্দি ছবির কাজ শেষ করেছেন তিনি। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভারতীয় চলচ্চিত্রে ছয় দশকেরও বেশি সময় ধরে অবদান রেখে আসা ধর্মেন্দ্রর দ্রুত আরোগ্য কামনা করছেন অসংখ্য ভক্ত ও সহকর্মী।
জে আই