দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবশেষে আবার শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। টানা দুই সিজনের সাফল্যের পর গত বছর শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। ওই বছরের পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয় নতুন সিজনের প্রথম গান ‘তাঁতি’। তখন জানানো হয়েছিল নতুন সিজনে থাকবে ১১টি গান। কিন্তু তিনটি গান প্রকাশের পর এক বছরের বেশি সময় ধরে থমকে আছে কোক স্টুডিও বাংলার কার্যক্রম।
এতটা জাগরণ সৃষ্টি করে কেন হঠাৎ থেমে গেল কোক স্টুডিও বাংলার কার্যক্রম! এটা নিয়ে অনেক কৌতুহল থাকলেও কোনো সদুত্তর মিলছিল না। তবে গুঞ্জন আছে, কোকা-কোলার একটি বিজ্ঞাপনের কারণেই থমকে গিয়েছিল। ওই সময়ে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কোকা-কোলাসহ নানাবিধ পণ্য বর্জনের প্রচারণা চলছিল অফলাইন ও অনলাইনজুড়ে। এমন পরিস্থিতিতে কোক ইসরায়েলি পণ্য নয়, এমন বক্তব্য নিয়ে বিজ্ঞাপনটি প্রচারে আসার পর সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নেটিজেনদের রোষানলে পড়েন বিজ্ঞাপনের নির্মাতা ও অভিনয়শিল্পীরা। এমনকি ওই সময় কোকের সঙ্গে জড়িত সবকিছু বর্জনের ডাক দেওয়া হয়।
শুধু নতুন গান প্রকাশ নয়, দীর্ঘ সময় স্থগিত ছিল কোক স্টুডিও বাংলার ফেসবুক কার্যক্রম। সম্প্রতি আবার এই পেজ থেকে পোস্ট করা হচ্ছে। জানানো হচ্ছে প্রকাশিত গানগুলোর আপডেট। এখন পর্যন্ত ভিউয়ের দিক দিয়ে শীর্ষে আছে ‘কথা কইয়ো না’ গানটি। ইমন চৌধুরীর সংগীতায়োজনে গানটি গেয়েছেন আলেয়া বেগম ও এরফান মৃধা শিবলু। গানটি এ পর্যন্ত ইউটিউবে ৯৩ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে।
তবে সম্প্রতি নতুন করে গুঞ্জন ওঠে, আবার ফিরছে কোক স্টুডিও বাংলা। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। গত বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। লিখেছেন, ‘যদি থাকেন রাজি? ধরবেন নাকি “বাজি”? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে—পরশু, তরশু নাকি আজি?’
অর্ণবের এই পোস্ট দেখে শ্রোতারাও রীতিমতো চমকে যায়। কারণ তার সেই পোস্টের মাধ্যমে কোক স্টুডিওর কার্যক্রম পুনরায় শুরু করার ইঙ্গিত মেলে; স্পষ্ট হলো, শীঘ্রই ‘বাজি’ শিরোনামের গান দিয়ে শুরু হতে যাচ্ছে তৃতীয় সিজনের কার্যক্রম।
এফএইচ/