দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হত্যার হুমকি ও এক লাখ ডলার চাঁদা দাবির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের করা মামলায় অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।
বুধবার (৫ জুলাই) ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়েদা হাফসা ঝুমা অভিযোগ গঠন করে আগামী ৯ আগস্ট মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, অভিযোগ গঠনের সময় রহমত উল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহপ্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান, এমন অভিযোগে তার নামে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি লিখিত অভিযোগ দেন এ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ।
২৩ মার্চ মানহানি ও চাঁদাবাজির অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রহমতের নামে মামলা করেন শাকিব। পরে আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। এরপর ১৮ এপ্রিল চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধেও ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন আদালত।
২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন শাকিব খান। ওই মামলাও তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।
সবশেষে ৩০ এপ্রিল শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে একশ’ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মানি স্যুট মামলা করেন রহমত উল্লাহ।