দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নব্বই দশকের টেলিভিশন নাটকের বহুল পরিচিত মুখ সমু চৌধুরী। ওই সময় টিভি নাটকে অভিনয়গুণে দর্শক মাতালেও মাঝে কিছু সময় অভিমানে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন। বছর তিনেক পর্দায় দেখা যায়নি তাকে। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে ফের অভিনয়ে ফিরেন। তারপর থেকে আবার নিয়মিত কাজ করে যাচ্ছেন এ অভিনেতা।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয় অভিনেতা সমু চৌধুরীর।
ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের কাছে একটি রাস্তার পাশে গাছের নিচে খালি গায়ে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন তিনি।
অভিনেতার এ দৃশ্যের ছবি ও ভিডিওগুলো অল্পক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে। যা দেখে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা রীতিমতো হতবাক হয়ে যান এবং নানা ধরনের মন্তব্য করতে থাকেন। পরে স্থানীয় থানা পুলিশ এগিয়ে আসে তাকে উদ্ধারের জন্য।
এ নিয়ে বিভিন্ন মাধ্যমে নানা আলোচনা ও চর্চা শুরু হয়। যা দৃষ্টি এড়ায়নি সমু চৌধুরীর। এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি এখানে এক কাপড়ে এসেছি। কাপড় ধুয়ে দেওয়ার পর আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না। এ জন্য গামছা পরে বটগাছের নিচে শুয়েছিলাম। উঠে দেখি সারা বাংলাদেশে সেই ছবি ও ভিডিও ভাইরাল।
এ অভিনেতা আরও বলেন, পুলিশ এসে নিয়ে গেছে, আমাকে নাকি ঢাকায় পাঠাবে। পরে তাদের সঙ্গে কথা বলি। তারা বুঝতে পারলেন, সবই ঠিক আছে। তবে এত অল্প সময়ে আমার প্রতি যারা ভালোবাসা দেখিয়েছেন, খোঁজ-খবর নিয়েছেন―তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
এর আগে এ ব্যাপারে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, সমুদাকে মুখী শাহ্ মিসকিন মাজার সংলগ্ন একটি গাছের নিচে দেখা গেছে, এ ধরনের খবর পাওয়ার পর আমরা নিকটস্থ থানায় যোগাযোগ করি। সেখানে আমার লোকজন রয়েছে। তাদের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়ছে তাকে।
উল্লেখ্য, মঞ্চ, টেলিভিশন ও সিনেমার বহুল পরিচিত মুখ অভিনেতা সমু চৌধুরী। ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম প্রচার হয়। ১৯৯৫ সালে পরিচালক আমজাদ হোসেনের হাত ধরে ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।
আরএ