দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে নিজের ভেরিয়াফায়েড পেইজে অনুভূতি প্রকাশ করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর স্বজনদের সঙ্গে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
মুক্তির এক ঘণ্টা পর নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে ফারিয়া গত দুইদিনে তার পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।
তিনি আরও লেখেন, আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন—তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখব।
এ অভিনেত্রী লেখেন, আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না।
গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, তাদের (সংবাদমাধ্যম) এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।
উল্লেখ্য, ১৮ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আরএ