দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ভৌতিক ঘরানার সিনেমা ‘জ্বীন-৩’। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা সজল।
ছবিটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। রহস্য, ভয়ের আবহ আর অতিপ্রাকৃত অভিজ্ঞতায় মোড়া এ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে বেশ কিছু গা ছমছমে লোকেশনে। ফলে শুটিংয়ের সময়ে অজানা আতঙ্ক কাজ করেছে নুসরাত ফারিয়ার মনে।
সম্প্রতি সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন এ অভিনেত্রী। ফারিয়া জানালেন, শুটিং করতে গিয়ে কীভাবে তাদের ভেতরে একটা অজানা শঙ্কা কাজ করত। বিশেষ করে শতবর্ষী এক গাছের নিচে শুটিং করার সময় টিমের মধ্যে ছড়িয়ে পড়েছিল ভয়ের অনুভূতি।
নুসরাত ফারিয়া আরও বলেন, যখন শুটিংয়ে যেতাম, তখন মনের ভেতরে একটা ভয় থাকে, যেকোনো কিছু হতে পারে। আমরা শুটিং করেছি একটি বড় গাছের নিচে। গাছটা একশ বছরের পুরনো। সেখানে অপমৃত্যুর ঘটনাও আছে। কেউ গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, পাশে শ্মশান আছে।
এই অভিনেত্রী বলেন, আমার টিমের বিশেষ করে, হেয়ার স্টাইলিস্ট, মেকআপম্যান তারা আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল। শুটিংয়ে যাওয়ার আগে তারা রীতিমতো দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত। কামিজের ওড়নার নিচে একটা রসুন দিয়ে রাখতাম, বা কিছু একটা দিয়ে রাখত যেন কোনো ধরনের খারাপ কিছু না হয়।
উল্লেখ্য, ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘জ্বীন-৩’। এতে সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নুর সজল। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এটি জ্বিন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা।
আরএ