দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান হাসপাতালে ভর্তি। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে সোমবার (২২ জানুয়ারি) সকালে তাকে ভর্তি করা হয়। এর আগে নতুন বছরে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে তিনি ঘুরে এসেছেন বিদেশ থেকে। আনন্দের সঙ্গে নতুন বছর উদযাপন করলেও তার মধ্যেই এই বিপত্তি নেমে এল সাইফ আলি খানের জীবনে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাঁটুতে চোট পেয়েছেন নবাবপুত্র। একইসঙ্গে কাঁধেও চিড় ধরা পড়েছে এই অভিনেতার। তবে কীভাবে ব্যাথা পেয়েছেন তা জানানো হয়নি পরিবারের পক্ষ থেকে। হাসপাতালে সাইফ আলি খানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী কারিনা কাপুর।
বেশ কয়েক মাস ধরেই নাকি সাইফের অস্ত্রোপচারের কথা চলছিল। কিন্তু শুটিংয়ের ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারেননি এই তারকা। তবে এবার চোট পেয়েই হাসপাতালে ভর্তি হতে হলো নবাবপুত্রকে।
এর আগে ২০১৬ সালে রেঙ্গুন ছবির সেটে আহত হয়েছিলেন সাইফ আলি খান। আঙুলে চোট পেয়ে অস্ত্রোপচার করতে হয়েছিল অভিনেতার। পুরোনো কোনো চোটেই ফের ভুগছেন কি না, সেটা বিষয় নিয়েও জল্পনার শুরু হয়েছে ভক্তদের মাঝে।
৫৩ বছর বয়সী সাইফকে সবশেষ পর্দায় দেখা গেছে ‘আদিপুরুষ’ সিনেমায়। ২০২৩-এ মুক্তি পাওয়া ওম রাউতের এই ছবিতে ‘রাবণ’-এর চরিত্রে অভিনয় করেছিলেন সাইফ। যদিও এই ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি।
‘আদিপুরুষ’-এর ব্যর্থতা ঝেড়ে নতুন বছরে তেলুগু ছবি ‘দেবেরা’তে দেখা যাবে এই অভিনেতাকে। একইসঙ্গে বলিউডেও বেশ কিছু প্রজেক্টে কথা চলছে তার।
এফএইচ