দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাজারীবাগের রায়েরবাজার এলাকার সুলতানগঞ্জ রোডে গণসংযোগ করেন তিনি। এসময় তিনি ফেরদৌসকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করার জন্য ভোটারদের আহ্বান জানান।
জানা গেছে, রায়েরবাজার পৌঁছানো মাত্রই মিশা সওদাগরকে স্লোগান দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। মিশা সওদাগর এসেছেন এ খবর শুনেই রাস্তার দুই পাশে জটলা তৈরি করেন সাধারণ মানুষজন। মুহূর্তেই জটলা রীতিমতো ভিড়ে রূপ নেয়। মিশা সওদাগরকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষদের সেলফি ও ছবি তুলতেও দেখা যায়।
এ সময় মিশা সওদাগর ভোটারদের বলেন, ফেরদৌস আমার ছোট ভাই। সে খুবই ভালো লোক। তাকে একটা ভোট দিয়েন। আপনাদের উন্নয়ন হবে। আজ পর্যন্ত কারও সঙ্গে কোনো ধরনের বিবাদে ফেরদৌস জড়ায়নি।
মিশা সওদাগর আরও বলেন, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। শুধু আমার সঙ্গেই নয় বরং চলচ্চিত্র অঙ্গনের প্রত্যেকের সঙ্গেই ফেরদৌসের খুব ভালো সম্পর্ক। এজন্যই আমি তার পক্ষে ভোট চাইতে এসেছি। আমার দৃঢ় বিশ্বাস, যদি সে এমপি হতে পারে তাহলে এলাকার উন্নয়নে কাজ করে যাবে। সাধারণ মানুষ উপকৃত হবে।
এসময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নেন।
আরএ/এইউ