দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টলিউডে বাংলাদেশি অভিনয়শিল্পীদের গ্রহণযোগ্যতা বাড়ছে। এপার বাংলার কয়েকজন অভিনয়শিল্পী সেখানকার চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। হয়েছেন প্রশংসিত। তাদের মধ্যে একজন মোশাররফ করিম। সেখানকার দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে একটি সিনেমা মুক্তি পেয়েছে। আরেকটি সামনে মুক্তি পাবে। এর মাঝেই একটি ওয়েব সিরিজে কাজের বিষয়ে পাকা কথা দিয়ে ফেলেছেন এ অভিনেতা।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’ অবলম্বনে ওয়েব সিরিজ বানাবেন অরিন্দম শীল। এতে প্রধান চরিত্র হাজারি ঠাকুরের চরিত্রে তিনি বেছে নিয়েছেন মোশাররফ করিমকে।
ভারতীয় একটি গণমাধ্যমকে অরিন্দম জানিয়েছেন, চিত্রনাট্য লেখার সময় হাজারি ঠাকুর চরিত্রে মোশাররফ করিমের চেহারা ভেসে উঠছিল তার চোখের সামনে। তার ভাষ্য, ‘চিত্রনাট্য লেখার সময় থেকেই মাথার ভেতর মোশাররফ করিমের নাম ঘুরছিল। পরে তার সঙ্গে যোগাযোগ করি। তিনি রাজি হয়ে যান।’
উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে সময়ের আলোকে লিখেছিলেন, সেটাই তুলে ধরা হবে। অরিন্দমের মতে, পিরিয়ড ড্রামা না করলে লেখকের লেখার নির্যাসকে ঠিকমতো তুলে ধরা যাবে না।
হিন্দু ব্রাক্ষ্মণ হাজারি ঠাকুর কলকাতার রাণাঘাটের বেঁচু চক্রবর্তীর হোটেলের রাঁধুনি। শুধু তার হাতের রান্না খাবার জন্যই মানুষ দূর-দূরান্ত থেকে এসে হোটেলে খায়। কিন্তু হাজারির ভাগ্যে জোটে কেবলই গঞ্জনা। তাই তো সে স্বপ্ন দেখে নিজের হোটেলের। কোনোরকম সঞ্চয় না থাকা সত্ত্বেও স্বপ্ন দেখার সাহস ছিল তার। স্বপ্ন, সততা, একাগ্রতা আর মানুষের ভালোবাসা নিয়ে শেষ পর্যন্ত হয়েছিল একজন সফল হোটেল মালিক। সামান্য হোটেল রাঁধুনি থেকে হোটেলের মালিক হবার চমকপ্রদ কাহিন তুলে ধারা হয়েছে ‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাসে।
এতে আরও অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। তার চরিত্রের নাম পদ্ম ঝি। এ ছাড়া আছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ ঊষসী রায়।
ওয়েব সিরিজটি প্রযোজনা করবে ক্যামেলিয়া প্রোডাকশন। ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডের জন্য নিমির্তি হচ্ছে এটি। ডিসেম্বর-জানুয়ারি নাগাদ ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
আরএসও