দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগেই নির্ধারিত ছিল, ঢাকায় নেমে আনুষ্ঠানিকতা শেষে এক ফাঁকে জলের গানের প্রধান গায়ক রাহুল আনন্দর স্টুডিওতে যাবেন ফ্র্যান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ম্যাক্রোঁ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। মধ্যরাতে ম্যাক্রোঁ ধানমন্ডিতে স্টুডিও পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রাহুল বাঙালি কিছু বাদ্যযন্ত্রের সঙ্গে ম্যাক্রোঁকে পরিচয় করিয়ে দেন। তিনি একতারা হাতে আগ্রহ নিয়ে দেখেন। পরে সেটি তাকে বাজিয়ে শোনান বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পী।
এক ঘণ্টা ৪০ মিনিট সেখানে অবস্থান করেন ম্যাক্রোঁ। যেকোনো দেশে সফরকালে স্থানীয় সংস্কৃতি সম্বন্ধে জানতে শিল্পীদের স্টুডিও পরিদর্শন করেন তিনি। রাহুলের স্টুডিও পরিদর্শন ছিল তারই অংশ।
৩৩ বছর পরে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম ঢাকা সফর। ফরাসি প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে অন্যান্যদের মধ্যে রয়েছেন ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী কেথেরিন কলোন্না।
জানা গেছে, সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিকালে ঢাকা ছাড়বেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
এ সফরে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দুটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে। বাংলাদেশ ও ফ্রান্স জলবায়ু পরিবর্তন এবং নিয়ন্ত্রিত অভিবাসনের মতো বিষয় নিয়ে আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হবে।
আরএসও