দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড। একসময় এই পথেই হেঁটেছেন, ক্লাস করেছেন, বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন আজিজুন মীম। ক্যাম্পাসের চেনা জায়গাগুলো তার কাছে ছিল শিক্ষার্থীজীবনের স্মৃতির অংশ। তবে একসময় সেই পরিচিত ক্যাম্পাসেই ফিরলেন তিনি—শিক্ষার্থী হিসেবে নয়, নব্বইয়ের দশকের এক তরুণীর চরিত্র হয়ে।
মুনতাসির আকিব পরিচালিত সিনেমা ‘চিরকুট’-এ শিলা চরিত্রে অভিনয় করেছেন আজিজুন মীম। সিনেমাটির গল্প নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ফলে চরিত্রটির জন্য শুধু অভিনয় করলেই হয়নি, ধারণ করতে হয়েছে সেই সময়ের পোশাক, অভিব্যক্তি ও জীবনযাপনের ধরনও। আর এ কাজ করতে গিয়ে নিজের চেনা ক্যাম্পাসকে নতুন এক সময়ে আবিষ্কার করেছেন মীম।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বড় ভাই-আপুদের পুরোনো ছবি দেখতেন তিনি। ছবিগুলো দেখতে দেখতে ভাবতেন, নব্বইয়ের দশকে প্যারিস রোড কেমন ছিল, তখনকার শিক্ষার্থীদের পোশাক বা জীবনযাপনই বা কেমন ছিল। ‘চিরকুট’-এ অভিনয়ের মধ্য দিয়ে সেই সময়টাকে কাছ থেকে অনুভব করার সুযোগ পেয়েছেন। যে ক্যাম্পাসের সঙ্গে তার নিজের অনেক স্মৃতি জড়িয়ে, সেই ক্যাম্পাসের অতীত সময়ের গল্পে অভিনয় করাটা তাঁর কাছে ছিল অন্য রকম অভিজ্ঞতা।
মীমের কাছে সিনেমাটির সঙ্গে ব্যক্তিগত স্মৃতির যোগও রয়েছে। কারণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। ২০২১ সালে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। বিশ্ববিদ্যালয়জীবনেই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তার। তখন বন্ধুদের আড্ডার চেয়ে নাটকের মহড়ায় সময় কাটাতেই বেশি ভালো লাগত। বন্ধুরা মজা করে তাঁকে ডাকতেন ‘আন-অফিশিয়াল হিরোইন’।
রুমমেট স্বর্ণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সমকাল নাট্যচক্রের উজ্জ্বল হোসেনের সঙ্গে পরিচয় হয় মীমের। সেখান থেকেই অভিনয়ের প্রথম প্রস্তাব। প্রস্তাব পাওয়ার দুদিন পরই ছিল প্রথম প্রদর্শনী। ‘হয়তো নয়তো’ নাটকে গল্পকথকের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে যাত্রা শুরু। পরে নাট্যদলটির হয়ে বিশ্ববিদ্যালয়জীবনে ডজনখানেক নাটকের প্রায় অর্ধশত প্রদর্শনীতে অংশ নেন তিনি। অভিনয়ের হাতেখড়ি হয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার আজমল হুদা মিঠুর কাছে।
অভিনয়ের প্রতি এই আগ্রহের পেছনে সাহিত্যেরও ভূমিকা রয়েছে। মীমের মা আফরোজা লোটাস কুষ্টিয়ার একটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে বাংলা সাহিত্যের নানা বিষয় জানার সুযোগ হয়েছে তার। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের পাশাপাশি সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সুচিত্রা ভট্টাচার্যের লেখা পড়তে ভালো লাগত। উপন্যাসের চরিত্রগুলো নিজের কল্পনায় সাজিয়ে নিতেন। মীম মনে করেন, ছোটবেলার সেই পাঠাভ্যাস তাঁর কল্পনার জগৎকে সমৃদ্ধ করেছে, যা অভিনয়ের সময় কাজে লাগে।
পরিবারে অভিনয়ের সঙ্গে যুক্ত কেউ ছিলেন না। নিজের আগ্রহ থেকেই এই পথে আসা। কুষ্টিয়ার বর্ডার গার্ড পাবলিক স্কুলে পড়াশোনা শেষে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষ করে ২০২২ সালে অভিনয় নিয়ে বড় পরিসরে কাজের আশায় ঢাকায় আসেন। তার প্রথম কাজ ছিল টি-টুয়েন্টি বিশ্বকাপের একটি প্রচারণামূলক বিজ্ঞাপনচিত্র। নির্মাতা ছিলেন মুনতাসির আকিব। পরে আরও কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। একসময় এই নির্মাতাই তাঁকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন।
প্রথম সিনেমাতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া মীমের জন্য যেমন আনন্দের, তেমনি ছিল কিছুটা চাপেরও। বিশেষ করে শ্যামল মাওলার মতো অভিজ্ঞ শিল্পীর সঙ্গে কাজ করাকে তিনি নিয়েছেন শেখার সুযোগ হিসেবে। গত ১৬ অক্টোবর মুক্তি পাওয়া ‘চিরকুট’-এর প্রচারণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘোড়ার গাড়িতে অংশ নিয়েছিলেন তিনি। নিজের পরিচিত ক্যাম্পাসে প্রথম সিনেমার প্রচারণা তার কাছে ছিল আবেগের মুহূর্ত।
সিনেমাটি ২০২৭ সালের ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগেও নির্বাচিত হয়েছে। প্রথম সিনেমার পর নতুন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন মীম। তবে তাড়াহুড়া করে কাজ করতে চান না। ভালো গল্প ও চরিত্র বেছে নেওয়াই তার লক্ষ্য।
অভিনয়ের ক্ষেত্রে কোনো একটি মাধ্যমের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। মঞ্চ, টেলিভিশন নাটক, ওটিটি কিংবা চলচ্চিত্র—সব মাধ্যমেই কাজ করার আগ্রহ রয়েছে। ঢাকায় এসে প্রাচ্যনাটের ৪১তম ব্যাচে প্রশিক্ষণ নিয়েছেন। আবৃত্তির প্রতিও আগ্রহ আছে, কাজ করতে চান কণ্ঠস্বর নিয়েও। অনুপ্রেরণা হিসেবে অভিনেত্রী জয়া আহসানের নাম উল্লেখ করেন তিনি। তাঁর কাছে অভিনয়ের মাধ্যমের চেয়ে গুরুত্বপূর্ণ ভালো চরিত্র।
একসময় যে ক্যাম্পাসে অভিনয়ের মহড়ায় ব্যস্ত থাকতেন মীম, সেই ক্যাম্পাসেই এবার পর্দার চরিত্র হয়ে ফিরেছেন। শিক্ষার্থীজীবনের পরিচিত জায়গাগুলোকে দেখেছেন ভিন্ন এক সময়ের প্রেক্ষাপটে। নিজের অতীতের সঙ্গে সিনেমার গল্পের এই মেলবন্ধনই ‘চিরকুট’-এর শিলা চরিত্রকে তাঁর কাছে বিশেষ করে তুলেছে।
এমএস/