দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জন্মদিনের প্রথম প্রহরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে নতুন গ্ল্যামারাস রূপে ধরা দিয়েছেন ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সোমবার (২৬ অক্টোবর) তাঁর জন্মদিন উপলক্ষে প্রকাশিত ভিডিওটি নজর কেড়েছে ভক্তদের।
ভিডিওতে হালকা নীল রঙের খোলা গাউন, পরিপাটি খোঁপা ও মানানসই সাজে দেখা গেছে দীঘিকে। মোমবাতি ও ফুল দিয়ে সাজানো নান্দনিক পরিবেশে কখনো সূর্যমুখী ও গোলাপের তোড়া হাতে পোজ দিয়েছেন, আবার কখনো ফুঁ দিয়ে নিভিয়েছেন মোমবাতি। ৩০ সেকেন্ডের ভিডিওটির সঙ্গে যুক্ত করা হয়েছে জন্মদিনের বিশেষ সংগীত।
ভিডিওর ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।’ প্রকাশের পর থেকেই ভিডিওটিতে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার মন্তব্য দেখা যাচ্ছে।
২০০০ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন প্রার্থনা ফারদিন দীঘি। প্রয়াত চিত্রনায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রত চক্রবর্তীর একমাত্র মেয়ে তিনি। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করে দর্শকের ভালোবাসা পাওয়া দীঘি এখন কাজ করছেন নায়িকা হিসেবেও।
কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে ২০০৬ সালে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। অভিনয়ে আসার আগে বিজ্ঞাপনে মডেল হিসেবে পরিচিতি পান দীঘি। পরে ‘কাবুলিওয়ালা’, ‘এক টাকার বউ’ ও ‘চাচ্চু আমার চাচ্চু’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ওয়েব ফিল্মেও কাজ করেছেন দীঘি। সুমন ধর পরিচালিত ‘চিঠি’ তাঁর অভিনীত প্রথম ওয়েব ফিল্ম। এতে তাঁর সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান।
এমএম/