দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভজনশিল্পী অনুপ জলোটা। কৃষ্ণসার হরিণ শিকারকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভ নিরসনে অভিনেতা সালমান খানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অনুপের মতে, এ বিষয়ে সমাধান না হলে সালমান ও তাঁর ঘনিষ্ঠদের ঘিরে উদ্বেগ থেকেই যাবে।
এক সাক্ষাৎকারে অনুপ জলোটা বলেন, বিষ্ণোই সম্প্রদায়ের কাছে সালমানের ক্ষমা চাওয়া সংঘাতের অবসানের একটি পথ হতে পারে। এ বিষয়ে আগেও তিনি একই পরামর্শ দিয়েছিলেন বলে জানান এই শিল্পী। তাঁর মতে, কৃষ্ণসার হরিণ শিকারকে কেন্দ্র করে সম্প্রদায়টির মানুষের মনে যে আঘাত তৈরি হয়েছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
অনুপ জলোটার ভাষ্য, ‘সবকিছু থামানোর একটাই উপায় রয়েছে। সালমান খানের উচিত বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়া।’ তিনি আরও বলেন, সম্প্রদায়টির ক্ষোভের সমাধান না হলে সালমানের সঙ্গে কাজ করা ব্যক্তিরাও ঝুঁকির মুখে পড়তে পারেন। তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সবকিছুর ইতি টানতে সালমানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন অনুপ। তাঁর আশা, সালমান বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
এদিকে রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। জানা গেছে, ফুটবল খেলার পর নিজের গাড়িতে ওঠার সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গুলি চালায়। এতে টাইগার অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ও এক পথচারী গুলিবিদ্ধ হন। তাঁদের হাসপাতালে নেওয়া হলে দুজনের অবস্থাই বিপদমুক্ত বলে জানা যায়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ও কণ্ঠবার্তায় লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে দাবি করা ব্যক্তিরা হামলার দায় স্বীকার করেছে বলে খবর প্রকাশিত হয়। তবে ওই দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
এমএম/