দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী কৌশানী মুখার্জি ‘বহুরূপী’র সাফল্যের পর কিছুটা আড়ালে ছিলেন। দুই বছর পর আবারও ঝিমলি চরিত্রে বড় পর্দায় ফিরছেন তিনি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির পরিচালনায় ‘বহুরূপী’র সিক্যুয়েল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় এক মাছওয়ালির চরিত্রে দেখা যাবে তাকে।
আগামী ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। তবে মুক্তির আগেই প্রচারের একটি মজার ভিডিও প্রকাশ্যে এসেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
ভিডিওতে একেবারে ভিন্ন অবতারে দেখা গেছে কৌশানীকে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ মাথায় শক্ত করে বাঁধা খোঁপা, সাধারণ শাড়ি, শ্যামলা মেকআপ ও ডি-গ্ল্যাম লুকে মেছুনির রূপ ধারণ করেছেন তিনি। হাতে বড় বড় মাছ নিয়ে ক্রেতাদের ডাকতেও দেখা গেছে তাকে।
মাছ বিক্রি ও কাটার সময় বেশ নাজেহাল হতে হয় অভিনেত্রীকে। বঁটির কাছে মাছ নিয়ে ঘষতে ঘষতে মজার ছলে তাকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি। দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’
মাছ কাটার পাশাপাশি বাজারের হকারদের মতো গলা ছেড়ে ডাকতেও দেখা যায় তাকে। হাতে বড় মাছ তুলে তার হাঁকডাক, ‘দুইশ দুইশ, সিলভার দুইশ, বড় মাছ, টাটকা মাছ!’ শুটিংয়ের ফাঁকেও কৌশানীর হাসিখুশি ও রসিক মেজাজ নজর কেড়েছে। কলাকুশলীদের সঙ্গে মাছের গন্ধ নিয়েও মজা করতে দেখা যায় তাকে।
এর আগে ‘বহুরূপী’ সিনেমায় কৌশানীর অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছিল। এবার ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় নতুন চরিত্রে তাকে কতটা ভিন্নভাবে দেখা যাবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। মুক্তির আগেই মাছওয়ালির এই রূপ সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
এমএম/