দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ার বালিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। এতে তাঁর মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসার জন্য তাঁকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে বালি থেকে মুম্বাই নেওয়া হচ্ছে। সেখানে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।
শুক্রবার (২ অক্টোবর) নুসরাতের দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ১ অক্টোবর দুর্ঘটনার পর নুসরাতকে বালির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৪ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মেরুদণ্ডে চিড় ধরা পড়েছে।
নুসরাতের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেত্রীর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাই নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেখানেই তাঁর অস্ত্রোপচার হবে।
বিবৃতিতে আরও বলা হয়, গুরুতর আঘাত ও অস্ত্রোপচারের কারণে নুসরাতের সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আগামী কয়েক সপ্তাহ তাঁর বিশ্রাম প্রয়োজন। তাই কাজে ফিরতেও সময় লাগবে বলে জানানো হয়েছে।
বলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুটিংয়ের পাশাপাশি ব্যক্তিগত ছুটি কাটাতেও বালিতে গিয়েছিলেন নুসরাত। টাইগার শ্রফের সঙ্গে তাঁর পরবর্তী সিনেমায় জুটি বাঁধার কথা রয়েছে বলে ইন্ডাস্ট্রিতে আলোচনা রয়েছে। তবে বালিতে কোন সিনেমার শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিতভাবে জানানো হয়নি।
এর আগে ২০২৩ সালেও শুটিং চলাকালে দুবার আহত হয়েছিলেন নুসরাত। ওই বছরের এপ্রিল মাসে ‘আকেলি’ সিনেমার শুটিংয়ের সময় গুরুতর আহত হন তিনি। এর আগে ‘ছোরি ২’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় মুখে আঘাত পান। এতে মুখ ও ভ্রুর কাছাকাছি অংশে সেলাই করতে হয়েছিল তাঁকে।
২০২১ সালের আগস্টেও লভ রঞ্জনের একটি সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েছিলেন নুসরাত। টানা ২৩ থেকে ২৪ দিন কাজ করার পর শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। পরে তাঁকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ভার্টিগোর কথা জানান এবং ১৫ দিন বিশ্রামের পরামর্শ দেন। এর ফলে ওই সিনেমার শুটিং কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল।
এমএম/