দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস গড়েছেন টেইলর সুইফট। রোববার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অনুষ্ঠানে বছরের সেরা মিউজিক ভিডিওর পুরস্কার জয়ের মধ্য দিয়ে এই আয়োজনে ইতিহাসের সবচেয়ে সফল শিল্পী হয়েছেন তিনি। একই অনুষ্ঠানে একাধিক পুরস্কার জিতেছেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা।
অনুষ্ঠানের আগে সুইফট ও বিয়ন্সের ঝুলিতে সমান ৩০টি করে ভিএমএ পুরস্কার ছিল। তবে সুইফটের ২০২৫ সালের অ্যালবাম দ্য লাইফ অব আ শোগার্ল থেকে নেওয়া দ্য ফেট অব ওফেলিয়া গানের মিউজিক ভিডিও বছরের সেরা নির্বাচিত হওয়ায় রেকর্ডটি নিজের করে নেন তিনি।
এবারের আয়োজনে প্রথমবারের মতো দেওয়া শিল্পী-পরিচালক পুরস্কারও জিতেছেন সুইফট। দ্য ফেট অব ওফেলিয়া মিউজিক ভিডিওটির চিত্রনাট্য লেখা ও পরিচালনা করেছেন তিনি নিজেই। নতুন এই পুরস্কার উৎসর্গ করেন ডলি পার্টনকে। সুইফট বলেন, চূড়ান্ত শোগার্ল ডলি পার্টনের সঙ্গে একই পৃথিবীতে কিছু সময় কাটানোর সুযোগ পেয়ে সবাই ভাগ্যবান।
অনুষ্ঠানে নিজের নতুন গান পেশেন্ট জিরো–এর মিউজিক ভিডিওও প্রকাশ করেন ৩৬ বছর বয়সী এই গায়িকা। ভিডিওটিতে অভিনয় করেছেন কলিন ফারেল ও ডাকোটা জনসন। র্যাপার স্নুপ ডগের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ভিডিওটির উদ্বোধন করা হয়।
এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে বিয়ের পর এটিই সুইফটের প্রথম মিউজিক ভিডিও। গত সপ্তাহে প্রকাশিত দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর অ্যালবামে থাকা চারটি নতুন গানের একটি পেশেন্ট জিরো।
এবারের আয়োজনে নারী শিল্পীদের দাপট ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি ১৩টি মনোনয়ন নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন ম্যাডোনা। তিনি জিতেছেন বর্ষসেরা শিল্পী, সেরা ডান্স ও সেরা যৌথ সংগীত পরিবেশনার পুরস্কার। সাবরিনা কারপেন্টারের সঙ্গে তার ব্রিং ইয়োর লাভ গানটি সেরা যৌথ সংগীত পরিবেশনা নির্বাচিত হয়েছে। গানটি ম্যাডোনার ২০২৬ সালের অ্যালবাম কনফেশনস টু–এর প্রথম একক গান।
এ ছাড়া কনফেশনস টু চলচ্চিত্রের জন্য ম্যাডোনার দল সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা কোরিওগ্রাফির পুরস্কারও জিতেছে।
বর্ষসেরা শিল্পীর পুরস্কার গ্রহণের সময় ৬৮ বছর বয়সী ম্যাডোনা বলেন, ৪৩ বছর আগে প্রথম ভিএমএ অনুষ্ঠানে যখন তিনি পারফর্ম করেছিলেন, তখন উপস্থিত অনেকেরই জন্ম হয়নি।
নিজের ক্যারিয়ারের শুরুর দিকের একটি দুর্ঘটনার কথাও স্মরণ করেন তিনি। মঞ্চে পড়ে গিয়ে তার পেছনের অংশ উন্মুক্ত হয়ে গিয়েছিল, যা তখন তার সদ্য শুরু হওয়া ক্যারিয়ারকে বিপদে ফেলেছিল।
সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতা তুলে ধরে ম্যাডোনা বলেন, গত দেড় বছর ধরে তিনি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন, নিজের ওপর বিশ্বাস রাখতে শিখেছেন এবং নিজের পছন্দমতো সংগীত তৈরি করেছেন।
২০০৩ সালে ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে মঞ্চে চুম্বনের আলোচিত ঘটনার পর এবারই প্রথম ভিএমএর মঞ্চে পারফর্ম করেন ম্যাডোনা। তার পরিবেশনায় সাবরিনা কারপেন্টারের সঙ্গে দ্বৈত সংগীতের পাশাপাশি ব্রিটিশ শিল্পী চার্লি এক্সসিএক্সের উপস্থিতিও ছিল। তারা একসঙ্গে নতুন গান ড্যান্সেটেরিয়া (আফটারআওয়ার্স) পরিবেশন করেন।
সেরা যৌথ সংগীত পরিবেশনার পুরস্কার গ্রহণের সময় সাবরিনা কারপেন্টারের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতাও তুলে ধরেন ম্যাডোনা। তিনি জানান, গান করার প্রস্তাব দেওয়ার পর সাবরিনার দলের কাছ থেকে পাঁচ দিনেও কোনো উত্তর পাননি। পরে নিজেই সাবরিনাকে সরাসরি বার্তা পাঠান। কয়েক সপ্তাহের মধ্যেই তারা স্টুডিওতে একসঙ্গে কাজ শুরু করেন।
এ সময় সাবরিনা কিছুটা বিব্রত মুখে বলেন, তার দল মানুষের বার্তার উত্তর দেয়। তবে তিনি নিজে আরও দ্রুত উত্তর দেন, তাই তার সঙ্গে যোগাযোগের সবচেয়ে ভালো উপায় সরাসরি বার্তা পাঠানো।
অনুষ্ঠানের আগে সুইফট, চার্লি এক্সসিএক্স এবং কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংকের লিসাসহ তারকারা নীল কার্পেটে উপস্থিত হন।
লিসা তার ড্রিম গানের জন্য সেরা পপ বিভাগে পুরস্কার জিতে প্রথম এশীয় একক শিল্পী হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জাপানি অভিনেতা কেনতারো সাকাগুচি।
থাই র্যাপার ও গায়িকা লিসা, যার প্রকৃত নাম লালিসা মানোবাল, এই বিভাগে টেইলর সুইফট, আরিয়ানা গ্রান্ডে ও অলিভিয়া রদ্রিগোর মতো তারকাদের পেছনে ফেলেন। পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ২৯ বছর বয়সী এই শিল্পী। নিজের ভক্তদের উদ্দেশে তিনি বলেন, তাদের সমর্থন ছাড়া এখানে আসা সম্ভব হতো না।
অনুষ্ঠানে পারফর্ম করেন ব্রিটিশ গায়িকা রে ও সেরা নবাগত শিল্পীর পুরস্কারজয়ী সিয়েনা স্পিরো। প্রয়াত ডলি পার্টন ও জর্জ মাইকেলের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।
আরেক ব্রিটিশ শিল্পী পিংকপ্যানথেরেস সুইডিশ গায়িকা জারা লারসনের সঙ্গে স্টেটসাইড গানের জন্য সেরা আর্ট ডিরেকশনের পুরস্কার জিতেছেন।
এ ছাড়া সেরা গ্রুপের পুরস্কার পেয়েছে বিটিএস। তাদের সুইম গানটি জিতেছে বছরের সেরা গানের পুরস্কার। অলিভিয়া রদ্রিগোর দ্য কিউর সেরা অলটারনেটিভ গানের স্বীকৃতি পেয়েছে। আর ভিডিও ভ্যানগার্ড পুরস্কারে সম্মানিত করা হয়েছে ব্যান্ড নির্ভানাকে।
সূত্র: বিবিসি
এমএস/