দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিসেম্বরে বিয়ে করছেন কৌতুকশিল্পী সময় রায়না ও ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্কর! সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনে সম্প্রতি সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। একটি বেনামি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকেই মূলত এই গুঞ্জনের সূত্রপাত। এবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সময় ও মেধা দুজনেই।
রোববার সময় রায়না সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি পোস্ট শেয়ার করেন, যেখানে দাবি করা হয়েছিল, ডিসেম্বরে মেধাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। জবাবে রসিকতা করে সময় লেখেন, ‘ডিসেম্বরে তো আমার ভারত সফর আছে, দুঃখিত মেধা, বিয়ে পিছিয়ে দিতে হবে।’ এর সঙ্গে লতা মঙ্গেশকরের ‘ঝুঠ বোলে কওয়া কাটে’ গানটি যুক্ত করেন তিনি।
সময়ের সেই পোস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আবার শেয়ার করেন মেধা। সঙ্গে দেন হাসির প্রতিক্রিয়া। পরে আরেকটি পোস্টে বিয়ের গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলে ইঙ্গিত করে একটি রসিকতামূলক পোস্টও দেন তিনি।
সম্প্রতি একটি বেনামি পোস্টে দাবি করা হয়, সময়ের পরিবারের ঘনিষ্ঠ ওই ব্যক্তি তার মায়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, সময় ও মেধা ২০২৬ সালের ডিসেম্বরে বিয়ে করার পরিকল্পনা করছেন। পোস্টে আরও দাবি করা হয়, তারা বর্তমানে ছুটিতে রয়েছেন এবং সময় দ্রুত মেধাকে বিয়ে করতে চান। তবে এসব দাবির কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেননি সময় বা মেধা।
সময় ও মেধার সম্পর্ক নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়া এবং সময়ের ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুমে মেধার উপস্থিতির পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। সম্প্রতি তাদের ছুটির ছবি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা তৈরি হয়। তবে দুজনের কেউই তাদের সম্পর্ক বা বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
এদিকে মেধা শঙ্করকে শিগগিরই একটি নাম ঠিক না হওয়া গোয়েন্দা কৌতুকধর্মী চলচ্চিত্রে দেখা যাবে। লক্ষ্মণ উতেকরের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে সানি কৌশল ও নিমরত কৌরও অভিনয় করবেন বলে জানা গেছে।
অন্যদিকে সময় রায়না ব্যস্ত রয়েছেন ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুম নিয়ে। প্রথম মৌসুমে রণবীর আল্লাহাবাদিয়ার একটি রসিকতাকে ঘিরে তীব্র বিতর্কের পর দ্বিতীয় মৌসুম নিয়ে ফিরেছেন তিনি। নতুন মৌসুমের সাম্প্রতিক পর্বে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, ভুবন বাম ও অভিনয়শিল্পী নির্বাচক মুকেশ ছাবড়া। অনুষ্ঠানটি নেটফ্লিক্স ও ইউটিউবে দেখা যাচ্ছে।
/অ