দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিশা বলেছেন, ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না।’
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিশা বলেন, সত্যি বলতে তিনি বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করেন না। তার ভাষ্য, দেশের অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। নানা ধরনের ঝামেলায় সাধারণ মানুষকে পড়তে হয়, যার অনেক কিছুই তাদের প্রাপ্য নয়। অনেক ক্ষেত্রে বিষয়গুলো অন্যায্য মনে হয় এবং ন্যায়বিচারও পাওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
তানজিন তিশা আরও বলেন, বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। যেকোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দেওয়া উচিত।
নিজের সোনার গয়না নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, তার মনে হয়েছে সোনার গয়না ব্যাগে রেখে ঘোরার কী দরকার, বরং সেটি পরেই ঘোরা যায়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মত দেন তিনি।
র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তানজিন তিশা। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মডেল হিসেবে পরিচিতি পান তিনি।
২০১২ সালে রিজভী ওয়াহিদ ও শুভমিতার গাওয়া ‘চোখেরই পলকে’ গানের সংগীতচিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিশা। এরপর ইমরান মাহমুদুলের ‘বলতে বলতে চলতে চলতে’ গানেও তাকে দেখা যায়।
ছোটপর্দায় একের পর এক নাটকে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০২০ সালের ৪ জানুয়ারি সিএমভি নাটকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘ভালোবাসা তুই’ ওয়েব নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেন তিশা। এতে তাকে একজন বিক্রয়কর্মীর চরিত্রে দেখা যায়।
ছোটপর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তানজিন তিশা। এবার নিজের নিরাপত্তা নিয়ে তার এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এমএম/