দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। সব মিলিয়ে প্রায় ১৩ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিজেদের পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবে।
শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে আনুমানিক ২ লাখ ৭৭ হাজার ৬০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে। ময়মনসিংহে ৭১ হাজার ৬৬টি এবং চট্টগ্রামে ১ লাখ ১৪ হাজার ৭০৬টি আবেদন জমা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডে লিখিত বিষয়ের জন্য ৯৮ হাজার ১৭০টি এবং ব্যবহারিক বিষয়ের জন্য ২৪ হাজার ৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে। যশোরে মোট আবেদন পড়েছে ৭৪ হাজার ৭১৭টি এবং বরিশালে ৫০ হাজার ১৫৩টি।
সিলেট শিক্ষা বোর্ডে লিখিত বিষয়ের জন্য ৫০ হাজার ৭১০টি এবং ব্যবহারিক বিষয়ের জন্য ১০ হাজার ২৬৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এ সংখ্যা ৮৯ হাজার ২৮৬টি।
এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা উত্তরপত্রের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন পড়েছে।
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ২ সেপ্টেম্বর। আবেদন করার সুযোগ থাকছে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
এমএস/