দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
বদলি আবেদনের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বদলি নীতিমালা মেনে বদলি হতে ইচ্ছুক শিক্ষকরা http://ngttdshe.teletalk.com.bd-এ লিংকে তার মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে হবে। আজ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
গত ১৮ আগস্ট বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বদলি নীতিমালা মেনে বদলি হতে ইচ্ছুক শিক্ষকরা আগামী ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। আবেদনগুলো বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়াকরণের পর কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবে।
আবেদনকারী শিক্ষক চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে।
এ ছাড়া স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী বা স্ত্রীর কর্মস্থলের জেলায়ও বদলির আবেদন করা যাবে। তবে স্বামী বা স্ত্রীর কর্মস্থল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ/ডিএ পাবেন না। বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে ওই শিক্ষককে অবমুক্ত করতে হবে। অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অবমুক্ত হওয়া থেকে নতুন কর্মস্থলে যোগদান পর্যন্ত সময় কর্মকাল হিসেবে গণ্য হবে।
বদলি সফটওয়্যারে সংশ্লিষ্ট তথ্য ভুল থাকলে প্রতিষ্ঠানপ্রধান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমএম/