দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধে ২ হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৫ আগস্ট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ বিতরণ শুরু হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ ধাপে অবসর সুবিধা বোর্ডের প্রায় ৭০ হাজার ১১৫ জন এবং কল্যাণ ট্রাস্টের প্রায় ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী অর্থ পাবেন। সব মিলিয়ে প্রায় ১ লাখ ১৪ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর পাওনা পরিশোধের পরিকল্পনা করা হয়েছে।
এবার সরাসরি আইবাস++ সফটওয়্যারের মাধ্যমে উপকারভোগীদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হবে। ফলে কোনো মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ছাড়াই অর্থ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অবসর সুবিধা বোর্ডের আওতায় ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধ করা হবে। এ খাতে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা প্রয়োজন হবে। চাকরিকালে মূল বেতনের ৬ শতাংশ চাঁদার ভিত্তিতে অবসর সুবিধা নির্ধারণ করা হয়। এ ধাপে একজন সর্বোচ্চ প্রায় ৫ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন।
অন্যদিকে, কল্যাণ ট্রাস্টে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত জমা হওয়া প্রায় ৪৪ হাজার আবেদন নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রায় ৬০০ কোটি টাকা প্রয়োজন হবে। মূল বেতনের ৪ শতাংশ চাঁদার ভিত্তিতে এককালীন সর্বোচ্চ প্রায় আড়াই লাখ এবং সর্বনিম্ন ৫০ হাজার টাকা পর্যন্ত কল্যাণ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।
বর্তমানে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট মিলিয়ে ১ লাখ ১৪ হাজারের বেশি আবেদন ঝুলে রয়েছে। এসব আবেদন পুরোপুরি নিষ্পত্তি করতে প্রায় ১২ হাজার কোটি টাকা প্রয়োজন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সরকারের ২ হাজার কোটি টাকার বরাদ্দে বড় একটি অংশের পাওনা পরিশোধ করা সম্ভব হলেও সব বকেয়া একসঙ্গে পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে আগামী ১৩ আগস্ট শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে। এরপর ১৫ আগস্ট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে সুবিধাভোগীদের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হতে পারে।
এমএম/